দক্ষিণ আফ্রিকায় পৃথক ঘটনায় দুদিনে চার বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন, দুজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং অপর একজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে ইস্টার্ন কেপ প্রদেশের লেডিফ্রে এলাকায় সন্ত্রাসীদের গুলিতে জামাল ব্যাপারী নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসীরা জামালের দোকানের টিন কেটে ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয়। আগুন নেভানোর সময় জামালের বুকে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় বাংলাদেশিরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জামাল চাঁদপুরের মতলব উপজেলার সিপাইকান্দি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। একই দিনে নর্দার্ন...
দক্ষিণ আফ্রিকায় পৃথক ঘটনায় দুদিনে চার বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন, দুজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং অপর একজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বুধবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে ইস্টার্ন কেপ প্রদেশের লেডিফ্রে এলাকায় সন্ত্রাসীদের গুলিতে জামাল ব্যাপারী নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসীরা জামালের দোকানের টিন কেটে ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয়। আগুন নেভানোর সময় জামালের বুকে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় বাংলাদেশিরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জামাল চাঁদপুরের মতলব উপজেলার সিপাইকান্দি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
একই দিনে নর্দার্ন কেপ প্রদেশের পেকাসডর্প এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মনির হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের বাসিন্দা।
এছাড়া বুধবার রাতে ফ্রি স্টেট প্রদেশের ব্লুমফন্টেইন শহরের নিকটবর্তী একটি গ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে শাহ আলম নামে আরেক বাংলাদেশি মারা যান। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ করিমপুর গ্রামের বাসিন্দা।
অন্যদিকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ফ্রি স্টেটের বেলকম তেনিজেন এলাকায় বসবাসকারী রেদওয়ান উল্লাহ নামে এক বাংলাদেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত রোববার দেশ থেকে দক্ষিণ আফ্রিকায় কর্মস্থলে ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেদিন ভোরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মৃত্যুবরণ করেন। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার জাদিয়া গ্রামের বাসিন্দা।
দুদিনে চার বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।