ছেলের কাছে পাওনা টাকার জন্য মাকে তুলে নিয়ে গেল শ্রমিক সর্দার
অনলাইন নিউজ ডেক্স
সাতক্ষীরার শ্যামনগরে ছেলের কাছে পাওনা টাকার জন্য দিপালী রানী আউলিয়া (৪৫) নামের এক নারীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জেলেখালী গ্রামের ত্রিপানী বিদ্যাপীঠসংলগ্ন এলাকা থেকে আমজাদ হোসেনের নেতৃত্বে ৩-৪ জন মিলে তাকে উঠিয়ে নিয়ে যায় বলে অভিযোগ।
ইটভাটার শ্রমিক সর্দার আমজাদ হোসেন উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাঠি গ্রামের জিয়াদ আলীর ছেলে। দিপালী উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামের পঞ্চানন মণ্ডলের স্ত্রী।
দিপালীর মেয়ে একাদশী মণ্ডল বলেন, আমার ভাই জগদীশ ইটভাটায় যাওয়ার জন্য আমজাদ হোসেনের কাছ থেকে টাকা নিয়েছিল। তবে গত বুধবার অপর একজনের ইটভাটায় চলে যাওয়ার খবরে আমজাদ লোকজন নিয়ে বাড়িতে এসে মাকে তুলে নিয়ে যায়।
তিনি আরও বলেন, আমার মা বিকেলে এক প্রতিবেশীর বাড়িতে যান। বাড়িতে ফেরার পথে রাস্তা থেকে তাকে জোর করে তুলে নিয়ে গেছে আমজাদ ও তার লোকজন। গতকাল শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত পরিবারের কেউ মায়ের সাথে যোগাযোগ করতে পারেনি।
দিপালীর ভাইপো পরেশ আউলিয়া জানান, আগেও একই ধরনের কাজ করায় পরিবারকে না জানিয়ে জগদীশের কাছে টাকা দিতে সবাইকে নিষেধ করা হয়। তারপরও ছেলের অপরাধের জন্য আমজাদ লোকজন নিয়ে এসে আমার পিসিকে তুলে নিয়ে গেছে। বিষয়টি রাতেই আমরা শ্যামনগর থানায় লিখিতভাবে জানিয়েছি।
অভিযুক্ত আমজাদ হোসেনের দাবি, জগদীশ টাকা নিয়ে পালানোর কারণে দিপালীর পরামর্শে তাকে নিয়ে বরিশালের হিজলা এলাকায় রাখা হয়েছে। ছেলে যোগাযোগ করলে দিপালীকে শ্যামনগরে নিয়ে পরিবারের হাতে উঠিয়ে দেওয়া হবে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম জানান, রাতে অভিযোগ পাওয়ার পর পুলিশ ভুক্তভোগীকে উদ্ধারে মাঠে নেমেছে। গতকাল শুক্রবার রাতের মধ্যে দিপালীকে শ্যামনগরে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে।
