২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা
অনলাইন নিউজ ডেক্স
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হচ্ছে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। আজ শনিবার নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্মরণসভায় দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকেরা অংশ নেবেন। এই স্মরণসভাকে স্মরণীয় করে রাখতে খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব ও জাতি গঠনে অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্মারকগ্রন্থের জন্য দেশের বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ ও অর্থনীতিবিদদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে। নির্ধারিত বিষয়ের মধ্যে রয়েছে খালেদা জিয়ার জীবন, আপসহীন গণতান্ত্রিক রাজনীতি, পররাষ্ট্রনীতি, নারীশিক্ষা ও উন্নয়ন, সংসদীয় রাজনীতিতে অবদান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম।
প্রতিটি লেখা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ শব্দের মধ্যে মৌলিক ও তথ্যনির্ভর হতে হবে। আগ্রহীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে ই-মেইলে (nagorikshoronshova@gmail.com) লেখা পাঠাতে অনুরোধ করা হয়েছে। এছাড়া খালেদা জিয়ার কর্মময় রাজনৈতিক জীবন ও সাফল্য নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিও চিত্র তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
