১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
অনলাইন নিউজ ডেক্স
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রাথমিক পর্যায়ে চারটি ফ্লাইট ওঠানামার মাধ্যমে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
আজ শনিবার সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সভায় তিনি জানান, তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে টার্মিনালটির কার্যক্রম শুরু নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন তিনি।
টার্মিনালটি চালুর আগে প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথে কার্যক্রম শুরু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা বা ট্রায়াল অপারেশন এবং চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা হয়েছে। এসব কাজের অগ্রগতি ও করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা মতবিনিময় করেছেন। এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের প্রচেষ্টায় তৃতীয় টার্মিনাল চালুর পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে। সভায় নেওয়া সিদ্ধান্তগুলো যথাসময়ে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
সভায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব উপস্থিত ছিলেন।
