তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি


তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি
কুমিল্লার তিতাসে বিএনপির সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই ভাইকে নিজ নিজ পদ থেকে বহিষ্কার করেছে জেলা শাখা। বহিষ্কৃতরা হলেন উপজেলা বিএনপির সহসভাপতি এমদাদ হোসেন আখন্দ ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সাইমুল ইসলাম আখন্দ। বিজ্ঞাপন গত বৃহস্পতিবার রাতে পৃথক চিঠির মাধ্যমে তাঁদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়, যা শুক্রবার জানাজানি হয়। কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের সই করা চিঠিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার বিকেলে গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চবিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে এমদাদ হোসেন প্রতিপক্ষের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ সময় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্যসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্যসচিব মোহাম্মদ আলমগীরের সই করা পৃথক চিঠিতে সাইমুল ইসলামকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। তাঁর বিরুদ্ধেও একই স্থানে লাঠিসোঁটা নিয়ে হামলার অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য সেলিম ভূঁইয়াকে ওই সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন প্রধান। অনুষ্ঠানে এমদাদ হোসেন আখন্দ ও তাঁর ছোট ভাই সাইমুল ইসলাম আখন্দ সমর্থকদের নিয়ে মঞ্চে গেলে জামাল উদ্দিনের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। লাঠি, চেয়ার ও ফেস্টুনের কাঠ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।