১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অনলাইন নিউজ ডেক্স
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ টানা ১৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্তি পেয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে তিনি গাজীপুরের ক্যাম্পাস থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সোমবার সকাল ১০টা থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সোমবার বেলা তিনটার দিকে আন্দোলনকারীরা প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাসে ‘লকডাউন’ ঘোষণা করেন। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরা পাল্টা কর্মসূচি দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অবরুদ্ধ অবস্থায় রাত ১০টায় দপ্তরে এক জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি এবং সৃষ্ট অচলাবস্থা নিরসনে সভায় আলোচনা করা হয়। সভায় ১৭ নভেম্বর মঙ্গলবার থেকে ১৯ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।
অফিস আদেশে জানানো হয়েছে, জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এই বন্ধের আওতামুক্ত থাকবে।
