ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা
অনলাইন নিউজ ডেক্স
সিরাজগঞ্জের বেলকুচিতে আশরাফ আলী (৫৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। তবে মারা যাবার পূর্বে হামলাকারীদের নাম জানিয়ে যান এই আওয়ামী লীগ নেতা।
১৮ই নভেম্বর, বুধবার রাতে উপজেলার গোপরেখী ফুটানি মার্কেট এলাকায় তার ওপর হামলা চালানো হয়। আজ ১৯শে নভেম্বর, বৃহস্পতিবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
নিহত আশরাফ আলী বেলকুচি উপজেলার গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। তিনি দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন।
নিহতের স্বজনরা জানান, বুধবার রাত ১০টার দিকে গোপরেখী ফুটানি মার্কেটের ইয়ামিনের চায়ের দোকানে পান খেতে যান আশরাফ। এ সময় মোটরসাইকেলে করে মহড়া দিয়ে মিছিল করে বিএনপি এবং ছাত্রদলের সন্ত্রাসী নেতাকর্মীরা। তখন ২০ থেকে ৩০ জনের একটি দল তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করে এবং পাঁজরে উপুর্যপরি ছুরিকাঘাত করে। পরে বিভিন্ন স্লোগান দিয়ে চলে যায় তারা।
খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই রেজাউল করিম বলেন, আমার ভাই দোকানে বসে থাকা অবস্থায় ২০-৩০টি মোটরসাইকেলে করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এসে হামলা চালায়। বিএনপি নেতা রইস ব্যাপারী, এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার, আলামিন শিকদার ও হজরত আলী এ হামলায় নেতৃত্ব দেয়। মৃত্যুর আগে আমার ভাই হামলায় জড়িতদের কয়েকজনের নাম বলে গেছেন। তাদের মধ্যে রইস ব্যাপারী, সোহাগ সিকদার ও আলামিন শিকদার ও হজরত আলী রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদারের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, অভিযুক্তরা ঘটনার পরই গা ঢাকা দিয়েছে।
এ ঘটনার জন্য বিএনপির পাশাপাশি জামায়াত ও এনসিপির সন্ত্রাসীদেরও দায়ী করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের দলীয় কর্মসূচিকে লক্ষ্য করে বিএনপি ও অঙ্গ সংগঠনের সন্ত্রাসী নেতাকর্মীরা নিধনযজ্ঞে নেমেছে, তাদের সাথে জামায়াত-শিবির এবং এনসিপির সন্ত্রাসীরাও যুক্ত রয়েছে বলে জানান স্থানীয় যুবলীগের নেতৃবৃন্দ।
নাম প্রকাশ না করার শর্তে স্বেচ্ছাসেবক লীগের একজন জ্যেষ্ঠ নেতা জানান, ২০২৪-এর ৪ঠা আগস্ট এনায়েতপুর থানায় পুলিশ সদস্যদের হত্যা ও অস্ত্র লুটপাটে জড়িত বিএনপি নেতারা এই খুনোখুনিতে নেতৃত্ব দেয়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে রাতে কারা হামলা চালিয়েছে, তাদের শনাক্ত করা যায়নি। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
