চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা
অনলাইন নিউজ ডেক্স
চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৪ হাজার ৮০০ টাকা বাড়িয়ে ১১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এই খাতের শ্রমিকেরা ৭ হাজার ১০০ টাকা মজুরি পান। গত সপ্তাহে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
বিজ্ঞাপন
নতুন কাঠামো অনুযায়ী, কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮ হাজার ৫২৫ টাকা। সেই হিসাবে কর্মচারীদের মজুরি বাড়ছে ৫ হাজার ৮৮০ টাকা। এছাড়া শিক্ষানবিশ কর্মচারীদের জন্য ১০ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের শুরুর দিকে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠনের মাধ্যমে এই প্রক্রিয়ার কাজ শুরু হয়। সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বর মাসে এই খাতের মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছিল এবং নতুন নিয়ম অনুযায়ী প্রতিবছর মজুরি ৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে।
নতুন মজুরিকাঠামোতে শ্রমিকদের জন্য ছয়টি গ্রেড রাখা হয়েছে। ষষ্ঠ গ্রেডের সহকারী অপারেটরদের ১১ হাজার ৯০০ টাকা বেতনের মধ্যে মূল মজুরি ৬ হাজার টাকা, বাড়িভাড়া ৩ হাজার টাকা এবং চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা বাবদ ২ হাজার ৯০০ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের ১৩ হাজার ৮৫ টাকা, চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের ১৪ হাজার ৪০৫ টাকা, তৃতীয় গ্রেডের অপারেটরদের ১৫ হাজার ৮৭৫ টাকা, দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটরদের ১৭ হাজার ৯৪৫ টাকা এবং প্রথম গ্রেডের শ্রমিকদের ২৩ হাজার ২৫৫ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে।
কর্মচারীদের চারটি গ্রেডের মধ্যে নিম্নতম গ্রেডের মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা। এর মধ্যে মূল মজুরি ৭ হাজার ৬৭০ টাকা, বাড়িভাড়া ৩ হাজার ৮৩৫ টাকা এবং শ্রমিকদের মতো ২ হাজার ৯০০ টাকা অন্যান্য ভাতা রয়েছে। তৃতীয় গ্রেডের কর্মচারীদের ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডের ১৮ হাজার ৮১৫ টাকা এবং প্রথম গ্রেডের ২০ হাজার ৬০০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। দেশে প্রায় ২০০টি কারখানায় দুই লাখের বেশি শ্রমিক-কর্মচারী কর্মরত আছেন।
মজুরি বোর্ডের মালিকপক্ষের প্রতিনিধি মো. মুমিনুল আহসান বলেন, “বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে মালিকেরা চ্যালেঞ্জের মধ্যে আছেন। অন্যদিকে মূল্যস্ফীতির কারণে শ্রমিকেরা ভালো নেই। সব দিক বিবেচনা করেই সর্বসম্মতিক্রমে এই মজুরি নির্ধারণ করা হয়েছে।”
বিজ্ঞাপন
শ্রমিকপক্ষের প্রতিনিধি আওরেঙ্গজেব চৌধুরী বলেন, “শ্রমিকেদের সন্তুষ্ট হওয়ার কারণ নেই। কারণ, বর্তমান বাজারদরের সঙ্গে এই মজুরি যায় না।” মজুরি বোর্ড গঠনের সময় শ্রমিকপক্ষ সাড়ে ১২ হাজার টাকা দাবি করেছিল এবং মালিকপক্ষ ৮ হাজার টাকা প্রস্তাব করেছিল। সামগ্রিক অবস্থা বিবেচনা করেই এই চূড়ান্ত মজুরি নির্ধারণ করা হয়েছে বলে জানা যায়।
