রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি
অনলাইন নিউজ ডেক্স
অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহে দেরি হওয়ায় ইউক্রেনীয়দের প্রাণহানি ঘটছে এবং শান্তি আলোচনায়ও রাশিয়ার ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করা হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি হতাশা প্রকাশ করে এসব অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভে অবস্থিত তার কার্যালয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সাক্ষাৎকারে ভ্লাদিমির পুতিনকে \'আমার বন্ধু\' বলে আলিঙ্গন করা একটি ছবি ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করার বিষয়টিকে \'অদ্ভুত\' বলেও মন্তব্য করেন জেলেনস্কি। তিনি বলেন, \"অবশ্যই বিষয়টি মার্কিন প্রেসিডেন্টের ওপর নির্ভর করে, কিন্তু ব্যাপারটা অদ্ভুত।\" তিনি আরও বলেন, \"সে একজন আগ্রাসী এবং হত্যাকারী… সে বন্ধু হতে পারে না। কিছুতেই না।\" জেলেনস্কি এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সঙ্গে বন্ধুত্বের কথা বলার মতো একটি বিষয় বলে উল্লেখ করেন।
২০২৫ সালে ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে এক তিক্ত অভিজ্ঞতার পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক চালিয়ে নেওয়ার ক্ষেত্রে সতর্ক হয়েছেন জেলেনস্কি। অনেকদিন ধরেই ট্রাম্পের দুইজন দূত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি শান্তিচুক্তি করার চেষ্টা করছেন, তবে অনেক সময় মনে হয় যে তারা কিয়েভের অবস্থানের চেয়ে মস্কোর অবস্থানের সঙ্গেই বেশি একমত। চলতি মাসের শুরুর দিকে আবুধাবিতে অনুষ্ঠিত শান্তি আলোচনার শেষ পর্বে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে জেলেনস্কি বলেন, \"আমরা যত বেশি জানি, সমস্যা তত বাড়ে।\" তিনি জানান, ডিসেম্বরে আলোচনা পুনরায় শুরু হবে বলেও আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়াকে ইউরোপজুড়ে বিভিন্ন অঞ্চলের বিরুদ্ধে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্প মনে করেন, ইউক্রেনের সঙ্গে একটি শান্তি চুক্তি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। যদিও তার প্রকাশ্য বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে, সব ইস্যুতেই রাশিয়া আবারও তার শুরুর দিকের অনমনীয় দর কষাকষির অবস্থানে ফিরে গেছে।
জেলেনস্কি জানিয়েছেন, ইউরোপীয় আলোচকদের শান্তি আলোচনায় থাকা না থাকার বিষয়ে মার্কিন প্রতিনিধিরা যে বার্তা দিয়েছিলেন, সেটি পরিষ্কার ছিল না। ক্রেমলিন এক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে বলেও তিনি মনে করেন। ইউক্রেনের জন্য এই আলোচনা এগিয়ে নেওয়া এবং পাঁচ বছর ধরে চলা রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের অবসান ঘটানো খুবই জরুরি। ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলা আরও ধারাবাহিক ও প্রাণঘাতী হয়ে উঠছে এবং নিহত বেসামরিক নাগরিকের সংখ্যা এখন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বিজ্ঞাপন
জেলেনস্কি একটি সিদ্ধান্তে পৌছানোর জন্য প্রকৃত সহযোগী বন্ধু, যারা রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে পারে, তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া শক্তি ও সম্মান সম্পন্ন শক্তিশালী দেশ হিসেবে নিজের সুনাম ধরে রাখার অনুরোধ করেছেন যুক্তরাষ্ট্রকে। তিনি বলেন, \"যখন আপনি আগ্রাসনকারীর প্রতি খুব বেশি নিরপেক্ষ থাকার চেষ্টা করেন... তার মানে আপনি ভুক্তভোগীদেরও সমর্থন করছেন, আগ্রাসনকারীকেও সমর্থন করছেন। এটা ঠিক নয়।\" দুই পক্ষের মধ্যে একটি টেকসই শান্তি চুক্তি করার যে চেষ্টা যুক্তরাষ্ট্র করছে, সেখানে তারা নিজেদেরকে নিরপেক্ষ বলে দাবি করে।
ইউক্রেন বর্তমানে নিজেদের আকাশসীমা রক্ষা করতে হিমশিম খাচ্ছে এবং আকাশপথে হামলার সতর্কতা সাধারণ মানুষের জন্য ক্লান্তিকর দৈনন্দিন অংশ হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো বিদ্যুৎকেন্দ্র ও সেতু লক্ষ্য করছে এবং কিয়েভসহ অন্যান্য বড় শহরে প্রতিদিনই ড্রোন হামলা চলছে। এর জবাবে ইউক্রেনও রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে শত শত ড্রোন হামলা চালিয়েছে। জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার দ্রুততম ড্রোনগুলোর প্রায় ৭০ শতাংশ ধ্বংস করতে পারছে, কিন্তু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইন্টারসেপ্টরের অনেক বড় ঘাটতি রয়েছে।
আমেরিকানরা তাদের প্যাট্রিয়ট সিস্টেম সরবরাহে দেরি করছে বলেও অভিযোগ করেন জেলেনস্কি। তিনি বলেন, \"এটা দুঃখজনক যে তারা মধ্যপ্রাচ্যের দিকে মনোযোগ দিয়েছে এবং তাদের আরও বেশি সাহায্য করছে... এটা দুঃখজনক। এ নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে।\" তিনি নিশ্চিত করেন যে, ইউক্রেনের অধিকৃত এলাকাগুলোতে মার্কিন স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা স্টারলিংক এবং এর সামরিক সংস্করণ স্টারশিল্ডের ব্যবহার এখনও সীমিত রাখা হয়েছে। ইউক্রেনের ড্রোন ইউনিটগুলোও বিবিসিকে জানিয়েছে যে, তাদের ইন্টারসেপ্টর ড্রোনগুলো রাশিয়ার শাহেদ ড্রোনের সঙ্গে আর পেরে উঠছে না।
এই সিদ্ধান্তটি কার ছিল জানতে চাইলে জেলেনস্কি বলেন, \"প্রযুক্তিগতভাবে স্পেসএক্স, রাজনৈতিকভাবে- আমি জানি না, সত্যিই জানি না। এটা অনেকটা... পিং পং খেলার মতো। আমরা এক পক্ষকে জিজ্ঞাসা করছি, তারা বলছে অন্য পক্ষ।\" সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা বাড়িয়েছে, যার মধ্যে তেল শোধনাগার এবং অস্ত্র বা জ্বালানি বহনকারী জাহাজও রয়েছে। বৃহস্পতিবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, এই সপ্তাহে পূর্ব লিবিয়ায় নোঙর করা একটি রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনা ভূমধ্যসাগরেও প্রভাব ফেলেছে।
