আত্রাইয়ে পরিদর্শন কক্ষের উদ্বোধন ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত


আত্রাইয়ে পরিদর্শন কক্ষের উদ্বোধন ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
উন্নয়ন মূলক কাজ পরিদর্শনের সময় এমপি দের বসা ও দাপ্তরিক কাজের সুবিধার্থে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় এই কক্ষগুলো চালু করা হচ্ছে।সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে নবনির্মিত পরিদর্শন কক্ষ এর উদ্বোধন করা হয়েছে। এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় আত্রাই উপজেলা কার্যালয় প্রাঙ্গণে পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত পরিদর্শন কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম। উন্নয়ন মূলক কাজ পরিদর্শনের সময় এমপি দের বসা ও দাপ্তরিক কাজের সুবিধার্থে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় এই কক্ষগুলো চালু করা হয়েছে। এর বাস্তবায়নে ভূমিকা রাখেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান। উদ্বোধনকালে সংসদ সদস্য বলেন, সেবা নিতে আসা সাধারণ মানুষের জন্য পরিদর্শন কক্ষটি কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। পরে বেলা ১২টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সভায় মূখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম। সভায় সংসদ সদস্য বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে আরও দায়িত্বশীল ও তৎপর হতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে ইউএনও মনিরুজ্জামান বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ শুধু প্রশাসন বা পুলিশের একার দায়িত্ব নয়। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত জরুরি। সভায় আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের কার্যক্রম তুলে ধরেন। তিনি অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা আরও জোরদারের বিভিন্ন দিক তুলে ধরেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম জনস্বাস্থ্য ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার উপজেলার কৃষি পরিস্থিতি, কৃষকদের বিভিন্ন সমস্যা ও চলমান কৃষি কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন নারী ও শিশুদের নিরাপত্তা, সামাজিক সচেতনতা এবং নারী উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে মতামত তুলে ধরেন। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার ও নিয়ামত আলী বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম-আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন, বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান বুলু, ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম ও সম্রাট হোসেন, নাজিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু আনাছ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।