আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার


আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার
ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি কাউসার মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বিজ্ঞাপন এর আগে সকাল ছয়টার দিকে নেত্রকোনার পূর্বধলা থানার তারাকান্দা এলাকায় অভিযান চালায় কোতোয়ালি থানা–পুলিশ। সেখানে কাউসারের খালার বাসায় ঘুমন্ত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সুফল কুমার রায় দুপুরে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তদন্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে এবং তদন্ত চলছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন এবং প্রয়োজনে ভবিষ্যতে রিমান্ডের আবেদন করা হবে। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, শুনানির সময় এজলাসে আসামিকে তোলা হয়নি এবং তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। গত মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের কাঠগড়া থেকে কাউসার পালিয়ে যান। ওই দিনই কোতোয়ালি থানায় হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা মামলাটি করেন। কাউসার মিয়ার বাড়ি নেত্রকোনার পূর্বধলা থানার ধলা মাইজপাড়া এলাকায় এবং তিনি দক্ষিণখান থানার একটি হত্যা মামলার (মামলা নম্বর ৭৮/২২) আসামি। আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২০ জুলাই দক্ষিণখান এলাকায় ১৭ বছরের এক কিশোরীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় কাউসারকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০২১ সালের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুজন চন্দ্র কর্মকার আদালতে অভিযোগপত্র জমা দেন এবং ২০২২ সালের ২০ জুলাই বিচার শুরু হয়। এখন পর্যন্ত মামলার বাদী ও নিহতের বোন সাক্ষ্য দিয়েছেন।