বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড


বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় মামলার এক বছরের মাথায় রায় ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২–এর বিচারক রেজাউল করিম এই রায়ে আসামি লিমন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আদালত তাঁকে আলাদা দুটি ধারায় ১০ বছর করে কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করেছেন। বিজ্ঞাপন দণ্ডপ্রাপ্ত লিমন মিয়ার বয়স ৩৫ বছর। তাঁর বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামে। তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছিলেন এবং উপজেলার গজারিয়াহাট ও বালাসী ঘাট এলাকায় ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। নিহত তাওসিফ রহমান ওরফে সুমন (১৬) রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। গত বছরের ১৩ নভেম্বর রাজশাহী নগরের ডাবতলা এলাকার ভাড়া বাসায় সে খুন হয়। ওই ঘটনায় তার মা তাসমিন নাহার (৪৪) গুরুতর আহত হন। তাওসিফ তৎকালীন রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানের ছেলে। মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১৩ নভেম্বর বেলা আড়াইটার দিকে ‘বিচারকের ভাই’ পরিচয় দিয়ে লিমন মিয়া ওই বাসায় প্রবেশ করেন। সে সময় বাসায় তাওসিফ ও তার মা তাসমিন নাহার ছিলেন। লিমন মা ও ছেলেকে ছুরিকাঘাত করেন এবং পরে তাওসিফের রক্ত মেখে আহত হওয়ার ভান করে পড়ে ছিলেন। পুলিশ তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিমনকে আটক করে পুলিশ। পরদিন বিচারক আবদুর রহমান বাদী হয়ে রাজপাড়া থানায় লিমন মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার নথিতে উল্লেখ রয়েছে যে, তাসমিন নাহারের বাবার বাড়ি গাইবান্ধা শহরে হওয়ায় লিমনের সঙ্গে তাঁর পরিচয় ছিল। লিমন প্রায়ই তাসমিন নাহারের কাছ থেকে আর্থিক সহায়তা নিতেন। সহায়তা বন্ধ করায় তিনি পরিবারটিকে হত্যার হুমকি দেন। ঘটনার ১০ দিন আগে ৩ নভেম্বর তাসমিন নাহারের মেয়ের মেসেঞ্জারে কল করে হুমকি দিলে ৬ নভেম্বর তিনি সিলেটের জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। সেই জিডির প্রেক্ষিতে পুলিশ লিমনকে আটক করে আদালতে পাঠালেও পরে তিনি জামিনে মুক্ত হয়ে রাজশাহীতে এসে এই খুনের ঘটনা ঘটান। বিজ্ঞাপন রায় ঘোষণার সময় আসামি লিমন মিয়াকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং রায় শেষে তাঁকে পুনরায় কারাগারে পাঠানো হয়। রায়ের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী মামুন-অর-রশিদ বাবু বলেন, ‘আমরা এখনই বিস্তারিত বলছি না। তবে আমরা রায়ে অসন্তুষ্ট। উচ্চ আদালতে আপিল করব।’