গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি


গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি
গঙ্গার পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ নিয়ে যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্যরা গঠিত যৌথ কমিটির ৯১তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাজধানী ঢাকার একটি হোটেলে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিদের অংশগ্রহণে এই সভা শেষ হয়। বিজ্ঞাপন যৌথ নদী কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি সই হয়। চুক্তির ৪ অনুচ্ছেদ অনুযায়ী, বাস্তবায়ন পর্যবেক্ষণের লক্ষ্যে জেআরসি সদস্যদের নেতৃত্বে এই যৌথ কমিটি গঠন করা হয়েছিল। এ বছর যৌথ কমিটির প্রথম বৈঠক ৮ এপ্রিল ঢাকায় এবং দ্বিতীয় বৈঠক ২২ মে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল। এরই ধারাবাহিকতায় ঢাকায় আয়োজিত তৃতীয় বৈঠকে চুক্তির বাস্তবায়ন–সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির এবং ভারতীয় দলের নেতৃত্ব দেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র। ১৯৯৭ সাল থেকে এই কমিটি ফারাক্কা ও হার্ডিঞ্জ সেতু পয়েন্টে যৌথ পর্যবেক্ষণ দল মোতায়েন এবং তাদের কার্যক্রম তদারকির কাজ করে আসছে। প্রতিবছর নিয়মিত তিনটি বৈঠকের অংশ হিসেবে ফারাক্কা ও হার্ডিঞ্জ সেতু এলাকায় সাইট পরিদর্শনের পর এই সভাগুলো হয়ে থাকে। প্রসঙ্গত, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে ৩০ বছরের এই চুক্তি স্বাক্ষর করে। সমঝোতা অনুযায়ী ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা থেকে দুই দেশের মধ্যে পানিবণ্টন করা হয়। চলতি বছরের ১২ ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, এপ্রিলে বাংলাদেশ এ বিষয়ে আলোচনার জন্য উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে। জুন ও আগস্ট মাসে আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে দিল্লিকে প্রস্তাব দেওয়া হলেও এখন পর্যন্ত ভারত তাতে সাড়া দেয়নি।