ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন


ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন
­ ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার কালিনিনগ্রাদগামী একটি রুশ পণ্যবাহী জাহাজ দুটি ড্রোনের হামলার শিকার হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রুশ কর্মকর্তারা এ তথ্য জানান। ফিনল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজটিতে আগুন লেগেছে এবং সেটি আন্তর্জাতিক জলসীমা থেকে ভেসে তাদের নিজস্ব জলসীমায় ঢুকে পড়েছে। বিজ্ঞাপন রুশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রাশিয়ার সীমান্ত থেকে তিন নটিক্যাল মাইল দূরে নিরপেক্ষ জলসীমায় জাহাজটি হামলার শিকার হয়। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানান, জাহাজটির ক্রুদের সরিয়ে নেওয়ার কাজ চলছিল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছিল। তিনি আরও জানান, ওই অঞ্চলের আকাশে ৮০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং ড্রোন হামলার ঝুঁকি-সংক্রান্ত সতর্কতা তুলে নেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে এক বিবৃতিতে ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী বলেছে, এই পরিস্থিতিতে অন্যান্য নৌযান চলাচলের জন্য কোনো বিপদ নেই। ফিনল্যান্ডের বিভিন্ন কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার মাধ্যমে সম্ভাব্য উদ্ধার অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রজভান্নিখ বলেছেন, এই ঘটনার ফলে অঞ্চলটিতে সরবরাহের ক্ষেত্রে কোনো হুমকি তৈরি হয়নি। বাল্টিক সাগরের তীরে অবস্থিত কালিনিনগ্রাদ রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি অঞ্চল, যা পোল্যান্ড ও লিথুয়ানিয়া সীমান্তে অবস্থিত।