‘ঝড়ের আগে নীরবতা’— কীসের ইঙ্গিত দিলেন ট্রাম্প?
অনলাইন নিউজ ডেক্স
যুদ্ধবিরতি চললেও সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বেড়েছে উত্তেজনাপূর্ণ বক্তব্য-বিবৃতি। এরই মধ্যে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি রহস্যময় ছবি শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নতুন করে জল্পনার জন্ম দিয়েছেন।
যুদ্ধের আবহে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ওই ছবিতে দেখা যায়, ট্রাম্প ক্যামেরার দিকে আঙুল তুলে দাঁড়িয়ে আছেন। পাশে একজন মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরালের। আর পেছনে রয়েছে উত্তাল সমুদ্র ও একাধিক যুদ্ধজাহাজ।
ছবিতে কিছু জাহাজে ইরানের পতাকাও দেখা যায়, যা মধ্যপ্রাচ্যের বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
ছবির ক্যাপশনে ট্রাম্প লেখেন, ‘কাম বিফোর দ্য স্টর্ম’ বাংলায় যার অর্থ দাঁড়ায় ‘ঝড়ের আগে নিরবতা’। তবে পোস্টে তিনি আর কোনো ব্যাখ্যা দেননি।
ইরানকে ঘিরে বাড়ছে উত্তেজনা
এ পোস্ট এমন সময় সামনে এলো, যখন আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানকে ঘিরে নতুন সামরিক পরিস্থিতির সম্ভাবনার খবর প্রকাশিত হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ইরান ইস্যুতে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত আসতে পারে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
ইসরাইলি কর্মকর্তাদের বরাত দিয়ে আরও বলা হয়, নতুন করে সংঘাত শুরু হলে তা কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত দীর্ঘ হতে পারে।
ট্রাম্পের পোস্টে কোনো নীতিগত বক্তব্য বা স্পষ্ট ব্যাখ্যা না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে মধ্যপ্রাচ্যের অনিশ্চিত পরিস্থিতির প্রতীকী বার্তা হিসেবে দেখছেন।
তথ্যসূত্র: সামা টিভি
