নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার


নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার
পিরোজপুরের নাজিরপুরে সরকারি গুদামে বোরো ধান সংগ্রহে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত কৃষকদের ধান নানা অজুহাতে ফিরিয়ে দিয়ে ব্যবসায়ী ও রাজনৈতিকভাবে প্রভাবশালীদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন উপজেলার একাধিক কৃষক। সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রির সুযোগ না পেয়ে বাধ্য হয়ে বাজারে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে তাদের। উপজেলার শ্রীরামকাঠী এলাকার কৃষক বিমল হালদার চলতি বোরো মৌসুমে ছয় বিঘা জমিতে ধান আবাদ করেছিলেন। উৎপাদনও হয়েছে ভালো। কিন্তু উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়েছে তার পক্ষে। বিমলের অভিযোগ, সরকারি গুদামে ধান নিয়ে গেলে ভেজা বা নিম্নমানের অজুহাত দেখিয়ে তা কিনতে অস্বীকার করা হয়। অথচ একই সময়ে প্রভাবশালীদের ধান সহজেই সংগ্রহ করা হচ্ছে। বিমল হালদারের মতো একই অভিযোগ তুলেছেন উপজেলার কৃষক পরিতোষ, সুদেব, আবুল ফজল, রতন মিয়াসহ অনেকেই। তারা বলছেন, সরকারি গুদামে প্রকৃত চাষিদের ধান সংগ্রহের পরিবর্তে ব্যবসায়ী ও রাজনৈতিকভাবে প্রভাবশালীদের কাছ থেকে ধান নেওয়া হচ্ছে। ফলে সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বহু কৃষক। কৃষকরা জানান, উপজেলার শ্রীরামকাঠী খাদ্য গুদামে ধান নিয়ে গেলেও নানা অজুহাতে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। কখন ধান জমা নেওয়া হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট সময়সূচি না থাকায় চাষিরা অনিশ্চয়তার মধ্যে পড়ছেন। বাধ্য হয়ে অনেকেই বাজারের পাইকারদের কাছে কম দামে ধান বিক্রি করে দিচ্ছেন। দীর্ঘা ইউনিয়নের কৃষক মিজান সরদার জানান, তিনি ২৫ মণ ধান নিয়ে গুদামে গেলে দীর্ঘ সারির কথা বলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। তার অভিযোগ, গুদামের সামনে হাজার হাজার বস্তা ধান মজুদ রাখা থাকায় সাধারণ কৃষকদের ধান ভেতরে নেওয়ার সুযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। এতে সরকারি দামে বিক্রি করতে না পেরে বাজারে কম মূল্যে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেকে। সরেজমিনে গুদাম এলাকায় গিয়ে দেখা গেছে, গুদামের বাইরে ধানের বস্তা স্তূপ করে রাখা হয়েছে। সেখানে উপস্থিত কয়েকজন কৃষক অভিযোগ করেন, অন্য চাষিরা যাতে ধান সরবরাহ করতে না পারেন, সে জন্য পরিকল্পিতভাবে সব ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া কোনো কোনো কৃষকের কৃষি কার্ড ব্যবহার করে অন্যদের ধান সরবরাহ করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা। কৃষকদের ভাষ্য, খাদ্য গুদামের কিছু কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে প্রভাবশালী মহলের যোগসাজশে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারি গুদামে ধান বিক্রির সুযোগ না পাওয়ার প্রতিবাদে সম্প্রতি নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেন কৃষকরা। তাদের দাবি, ভালো মানের ধান ফিরিয়ে দেওয়া হলেও ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের সরবরাহ করা নিম্নমানের ধান কেনা হচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শ্রীরামকাঠী এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিমা আক্তার। তিনি বলেন, সরকারি নীতিমালা মেনেই ধান সংগ্রহ করা হচ্ছে এবং ধান নিয়ে এলে কাউকে ফিরিয়ে দেওয়া হয় না। বস্তার সাময়িক সংকটের কারণে কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে বলে স্বীকার করেন তিনি। গুদামের বাইরে ধান কেনাবেচা বা কারা ধান মজুত করছে, সে বিষয়ে তার কোনো দায়িত্ব নেই বলেও জানান মহিমা আক্তার। কৃষি কার্ডধারী ব্যক্তি ধান নিয়ে এলে তা গ্রহণ করা হয় বলেও উল্লেখ করেন তিনি। উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে নাজিরপুর উপজেলায় প্রতি মণ ধানের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪৪০ টাকা। চলতি বছর উপজেলায় মোট এক হাজার ৩০৬ টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। কৃষকরা দাবি করেছেন, সরকারি সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা না হলে প্রকৃত উৎপাদকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হতে থাকবেন এবং কৃষি উৎপাদনে তাদের আগ্রহ ক্রমশ কমে যাবে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ :

কুষ্টিয়ার আলোচিত লালনকে ঘিরে মাদক, অস্ত্র ও অর্থ লেনদেনের অভিযোগ; অনুসন্ধানে নতুন তথ্য   কুষ্টিয়ার আলোচিত লালনকে ঘিরে মাদক, অস্ত্র ও অর্থ লেনদেনের অভিযোগ; অনুসন্ধানে নতুন তথ্য ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ   ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক   দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার   নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা   বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩   ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে?   ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে?