বাংলাদেশে মব কালচার শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী


বাংলাদেশে মব কালচার শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে আর কোনোভাবেই মবের কোনো ঘটনা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বাংলাদেশে মব কালচার শেষ। মব কালচারকে আর কোনোভাবে উৎসাহিত করা যাবে না।। দায়িত্ব গ্রহণের পর গতকাল বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবসে নিজের দপ্তরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দাবি-দাওয়া থাকবে, তা যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে। যৌক্তিক দাবি আদায়ের জন্য মিছিল ও সমাবেশ করা যাবে, স্মারকলিপি দেওয়া যাবে। কিন্তু দাবি আদায়ের জন্য সড়ক-মহাসড়ক বন্ধ করা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই বাংলাদেশের মানুষ জানে পুলিশ। আরও যে সংস্থা আছে এখানে, এটা মানুষ কম জানে। আমি বলেছি, পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে। যে ভাবমূর্তি আগে বিনষ্ট হয়েছে, সেটি পুনরুদ্ধার করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি দুর্নীতিমুক্ত করতে হবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, সবার অ্যাকাউন্টিবিলিটি ট্রান্সপারেন্সি (স্বচ্ছ জবাবদিহি) বজায় রাখতে হবে। কোনো রকমের অবৈধ তদবির হবে না। বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। নতুন সরকারের প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এর আগে মন্ত্রণালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানোসহ ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।