মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে
অনলাইন নিউজ ডেক্স
কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই আদেশ দেন। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের অর্থ আত্মসাতের মামলায় জামিন বাতিল করে তাঁদের কারাগারে পাঠানো হয়।
বিজ্ঞাপন
একই আদালত মামলার অপর আসামি কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) রুহুল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, আদালত আগামী ৩০ নভেম্বর মামলাটির রায় ঘোষণার দিন ধার্য করেছেন। কারাগারে যাওয়া অন্য চার আসামি হলেন আনোয়ারুল ইসলাম, আবুল কাশেম মজুমদার, বশির আহম্মদ ও নুর মোহাম্মদ।
দুদকের তথ্য অনুযায়ী, আসামিরা পরস্পরের যোগসাজশে অস্তিত্বহীন চিংড়িঘেরের ক্ষতিপূরণের নামে ভুয়া চেকের মাধ্যমে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা আত্মসাৎ করেছেন। ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত রুহুল আমিন কক্সবাজারের জেলা প্রশাসক থাকাকালে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎকেন্দ্রের জন্য মহেশখালী উপজেলায় ১ হাজার ৪১৪ একর জমি অধিগ্রহণ করা হয়। ২০১৪ সালের নভেম্বর মাসে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয় ২৩৭ কোটি টাকা।
তদন্তে দেখা যায়, ওই সময় ২৫টি ‘অস্তিত্বহীন’ চিংড়িঘেরের তথ্য দিয়ে প্রায় ৪৬ কোটি ২৪ লাখ ৩ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা ভুয়া চেকের মাধ্যমে উত্তোলন করা হয় এবং আরও ২৬ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫ টাকা উত্তোলনের জন্য পাঁচটি চেক ইস্যু করা হয়েছিল। এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী নামের এক ব্যবসায়ী ২০১৪ সালের ২০ নভেম্বর ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ জানালে দুদক তদন্ত শুরু করে। ২০১৭ সালের ৩ এপ্রিল রুহুল আমিনসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুদক এবং ২০১৯ সালের ১৬ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয়।
