রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন


রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমামকে মিম্বর থেকে টেনে নামানো, মুসল্লিদের ওপর হামলা এবং চুরিসহ হত্যাচেষ্টার মামলায় মসজিদটির সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। বিজ্ঞাপন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সিরিয়াস ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তিনি ঘটনার দিন মসজিদে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন। তদন্তের স্বার্থে কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। গত ১৮ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকের একটি বাসা থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৯ নভেম্বর আদালত তাঁকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছিলেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের সময় বায়তুল মোকাররম মসজিদে দায়িত্বপ্রাপ্ত ইমাম মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। এ সময় রুহুল আমিনসহ অন্য আসামিরা মসজিদে ঢুকে ইমামকে মিম্বর থেকে টেনেহিঁচড়ে নামিয়ে আনেন এবং মাইক কেড়ে নেন। এ ঘটনায় বাধা দিতে গেলে রুহুল আমিনের নির্দেশে রড দিয়ে এক মুসল্লির ডান চোখে আঘাত করা হয়, যা গুরুতর জখম সৃষ্টি করে। বিজ্ঞাপন অভিযোগে আরও বলা হয়, হামলাকারীদের মারধরে ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন। এ সময় হামলাকারীরা ওই মুসল্লির পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে যান এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতিসাধন করেন। হাফেজ মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান নামের এক প্রবাসী বাদী হয়ে পল্টন থানায় মামলাটি করেন, যেখানে মারধর, হত্যাচেষ্টা, চুরি ও ভাঙচুরের অভিযোগ আনা হয়। মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররমের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনায় আসা রুহুল আমিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।