কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা


কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা
ঈদকে সামনে রেখে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। অতিরিক্ত যাত্রীর কারণে অনেকেই ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠে যাত্রা করছেন। বিভিন্ন গন্তব্যের ট্রেন ছাড়ার আগমুহূর্তে যাত্রীরা হুড়োহুড়ি করে ওঠার চেষ্টা করেন। কেউ দরজায়, কেউ জানালার পাশে ঝুলে, আবার অনেকে ট্রেনের ছাদে উঠে বসেন। কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে পঞ্চগড়গামী যাত্রী মিঠুনের সঙ্গে কথা হলে তিনি বাংলানিউজকে জানান, তিনি ঢাকার সাভারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঈদ উপলক্ষে বাড়ি ফিরতে অনলাইনে টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন, ট্রেনে ভ্রমণ অনেক আরামদায়ক, তাই ট্রেনেই বাড়ি যাচ্ছি। সকাল থেকে কমলাপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে একাধিক আন্তঃনগর ট্রেন ছেড়ে গেছে। একতা এক্সপ্রেস পঞ্চগড়ের উদ্দেশে সকাল ১০টা ১৫ মিনিটে, রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোলের উদ্দেশে সকাল ১০টা ৪৫ মিনিটে, জয়ন্তিকা এক্সপ্রেস সিলেটের উদ্দেশে সকাল ১১টা ৪৫ মিনিটে, নকশীকাঁথা এক্সপ্রেস খুলনার উদ্দেশে সকাল ১১টা ১৫ মিনিটে এবং অগ্নিবীণা এক্সপ্রেস তারাকান্দির উদ্দেশে সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকা ছেড়ে যায়। এ ছাড়া রাজশাহী কমিউটার ট্রেন চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে দুপুর ১২টা ১৫ মিনিটে এবং মোহনগঞ্জ এক্সপ্রেস মোহনগঞ্জের উদ্দেশে দুপুর ১টা ১৫ মিনিটে ছেড়ে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ বারবার ট্রেনের ছাদে ভ্রমণ না করার আহ্বান জানালেও অতিরিক্ত চাপ ও টিকিট সংকটের কারণে অনেক যাত্রী বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণভাবে যাত্রা করছেন। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।