কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
অনলাইন নিউজ ডেক্স
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ভেল্লাপাড়া এলাকায় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টা ১০ মিনিটের দিকে কর্ণফুলী থানাধীন শিকলবাহা ভেল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঈগল পরিবহনের প্রায় ৩০ জন যাত্রী আহত হন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দূর্ঘটনার আগে ঈগল বাসটি বেপরোয়া চালাচ্ছিল।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, রাতে ৯টার দিকে কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে প্রায় ৩০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ১৪ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
বাকি ১২ জনকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা গুরুতর।
নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন তিনি।