সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০
অনলাইন নিউজ ডেক্স
রাজধানীর সূত্রাপুর থানাধীন ইস্ট বেঙ্গল মার্কেটে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মিতুল ইসলাম (১৮) নামে এক পোশাকা কারখানার শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- মো. রাহিম আহম্মেদ রাফি (১৯), মো. সাগর আহাম্মেদ (২৬), মো. রাসেল মিয়া (২৯), মো. আরিফ (১৯), মো. আশরাফুল (২৩), ফারদিন (২১), মো. জুনায়িদ মিয়া (২৬), মো. মোস্তাকিম (২০), মো. রোকন মিয়া (৩১) ও মো. নাজমুল (২৭)।
শনিবার (১৫ আগস্ট) রাত ৮টায় সূত্রাপুর থানাধীন ইস্ট বেঙ্গল মার্কেটের ভেতর মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে গ্রেপ্তাররা ভিকটিম মিতুল ইসলামকে ইস্ট বেঙ্গল মার্কেটের ১৪ তলা ডিএম পোশাকা কারখানার সামনে নিয়ে যায়।
সেখানে তারা ধারালো কাপড় কাটার কাঁচি ও কাটার দিয়ে মিতুলের বুকে, পিঠে, বাম পায়ের উরু, ডান পায়ের রানসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে মার্কেটে উপস্থিত লোকজন গুরুতর আহত মিতুলকে উদ্ধার করে রিকশাযোগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মিতুলকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই সূত্রাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করে ১০ জনকে গ্রেপ্তার করে।
এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো কাপড় কাটার কাঁচি উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত মিতুলের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
