প্রকাশিতঃ অক্টোবর ১৯, ২০২৬

ইসরায়েল থেকে ভিয়েনাগামী বিমানের জরুরি অবতরণ


ইসরায়েল থেকে ভিয়েনাগামী বিমানের জরুরি অবতরণ
বোমা হামলার হুমকি পাওয়ার পর ইসরায়েল থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাগামী একটি যাত্রীবাহী বিমান বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জরুরি অবতরণ করেছে। রোববার বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। অস্ট্রিয়ান এয়ারলাইনসের ওএস৮২ ফ্লাইটটি রোমানিয়ার সীমান্তের কাছে থাকাকালে বোমা হামলার হুমকি পায়। পরে উড়োজাহাজটির ক্রুরা সোফিয়ায় অবতরণের সিদ্ধান্ত নেন। বিমানটিকে নিরাপদে বিমানবন্দরে পৌঁছে দিতে বুলগেরিয়ার বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান পাহারা দেয়। এয়ারবাস এ৩২০ উড়োজাহাজটিতে ছয়জন ক্রু ও ৫১ জন যাত্রী ছিলেন। সবাই নিরাপদে বিমান থেকে নেমেছেন। বিমানটিতে নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইনসটি। তল্লাশি শেষ হলে যাত্রীদের দ্রুত বিকল্প ফ্লাইটে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে। ঘটনার পর জরুরি সাড়া দেওয়ার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তও শুরু করেছে। ফ্লাইটের তথ্য অনুযায়ী, রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে উড়োজাহাজটি। প্রায় তিন ঘণ্টা পর রাত ৯টা ৪৩ মিনিটে সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে অবতরণ করে। সূত্র: আল জাজিরা, এএফপি ও এপি