প্রকাশিতঃ অক্টোবর ১২, ২০২৬

আয়ের সাথে ব্যয়ের হিসেব মিলছে না, সংসার খরচের ফর্দে পড়ল কাঁচি


আয়ের সাথে ব্যয়ের হিসেব মিলছে না, সংসার খরচের ফর্দে পড়ল কাঁচি
সবজি থেকে মাছ, মাংস ও ডিম—প্রায় সব নিত্যপণ্যের দামই এখন চড়া। বাজারের ঊর্ধ্বমুখী দামে সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। খাদ্যপণ্যের দাম বাড়ায় প্রতিদিনের ব্যয় বেড়েছে। আয়-ব্যয়ের হিসাব মেলাতে অনেকেই প্রয়োজনীয় কেনাকাটা কমাচ্ছেন, পছন্দের খাবার বাদ দিচ্ছেন; কেউ কেউ পণ্যের মানের সঙ্গেও আপস করতে বাধ্য হচ্ছেন। সীমিত আয়ের মানুষের জন্য প্রতিদিনের চাহিদা পূরণ করাই কঠিন হয়ে পড়েছে। ১২ই অক্টোবর, সোমবার রাজধানীর মিরপুর ১ কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। পেঁপে বাদ দিলে বাজারের সবচেয়ে সস্তা সবজি মিষ্টি কুমড়া—প্রতি কেজি ৫০ টাকা। আর সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে টমেটো; কেজিপ্রতি ২২০ টাকা। মিরপুর ১ বাজারে আজ প্রতি কেজি টমেটো ২২০ টাকা, দেশি গাজর ১০০ টাকা, চায়না গাজর ১২০ টাকা, নতুন আলু ১৬০ টাকা, লম্বা বেগুন ৮০ থেকে ১০০ টাকা, সাদা গোল বেগুন ১০০ টাকা এবং কালো গোল বেগুন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। শিমের দাম কেজিতে ১৪০ থেকে ১৬০ টাকা। দেশি শসা ১০০ টাকা, হাইব্রিড শসা ৬০ টাকা, উচ্ছে ৮০ টাকা, করল্লা ৮০ টাকা, কাকরোল ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, হাইব্রিড পটল ৮০ টাকা এবং দেশি পটল ১০০ টাকা কেজি। এ ছাড়া চিচিঙ্গা ও ধুন্দল কেজিতে ৭০ টাকা, ঝিঙা ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, মূলা ৬০ টাকা, কচুরমুখী ৬০ থেকে ৮০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ১৪০ টাকা এবং ধনেপাতা ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপের কেজি ২০ থেকে ৩০ টাকা, আর মিষ্টি কুমড়া ৫০ টাকা। আকার ও মান অনুযায়ী প্রতিটি লাউ ৬০ থেকে ৮০ টাকা, চালকুমড়া ৫০ টাকা, ফুলকপি ৬০ টাকা এবং বাঁধাকপি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা কলা ও লেবুর দাম প্রতি হালি ৪০ টাকা। বাজার করতে আসা আজিজুর রহমান বলেন, “সবকিছুর যে দাম, আমরা যারা চাকরি করি, তাদের সমস্যা বেশি। মাস শেষে নির্দিষ্ট টাকা পাই, সেই টাকার মধ্যেই হিসাব করে চলতে হয়। তাই ১০ টাকা দাম বাড়লেও আমাদের সমস্যা হয়। মাস শেষে সেটাই চাপ তৈরি করে। অন্যদিকে, অনেক কিছুতেই আপস করে চলতে হয়। এভাবে চলতে থাকলে কী হবে, আমার জানা নেই।” রিকশাচালক মো. মহসিনের কথায়, আগে ১০০ টাকার বাজারে অনেক কিছু কেনা যেত, এখন আর তা হয় না। তাঁর ভাষায়, “একটা তরকারির দামই একশ টাকার ওপরে। আগে দিনের বেলা বাজার করতাম, এখন করি সন্ধ্যার পরে। তাও বাজারের ভেতর থেকে নয়, বাইরে রাস্তায় যাঁরা বসেন, তাঁদের কাছ থেকে। সন্ধ্যার পর সেখানে সবজি কিছুটা কম দামে পাওয়া যায়। বাজারের পণ্যের মতো অতটা ভালো না হলেও একেবারে নষ্ট থাকে না—দেখে কিনতে হয়।” সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে বলে জানিয়েছেন বিক্রেতা মোশাররফ হোসেন। তিনি বলেন, কয়েক ধরনের সবজির দাম ইতিমধ্যে নেমেছে, সামনে আরও কমতে পারে। উদাহরণ দিয়ে তিনি বলেন, শিমের কেজি আগে ২০০ টাকা ছিল, এখন ১৫০ টাকায় নেমেছে। কয়েক দিন পর দাম আরও কমবে বলে তাঁর আশা। আলু ও পেঁয়াজের দামে কিছুটা স্বস্তি থাকলেও আদা-রসুনের বাজারে দাম বাড়ছে। কেজিতে চায়না আদার দাম বেড়েছে ১০ টাকা। মানভেদে চায়না রসুনের কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ৩০ টাকা। আজ বাজারে আকার ও মান অনুযায়ী হাইব্রিড পেঁয়াজ কেজিতে ৫০ টাকা এবং দেশি পেঁয়াজ ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। লাল ও সাদা আলুর কেজি ৩০ টাকা করে; বগুড়ার আলু ৪০ টাকা। দেশি রসুন ৯০ থেকে ১০০ টাকা, চায়না রসুন ১৭০ থেকে ১৯০ টাকা এবং চায়না আদা ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতা পলাশ দাস বলেন, আদা ও রসুনের দাম কিছুটা বেড়েছে। তাঁর দাবি, আমদানিকারকেরাই দাম বাড়ান; তাঁরা যে দামে পণ্য কেনেন, সেই দামেই বিক্রি করেন। মুরগির দামও ধরনভেদে কেজিতে ১৭৫ থেকে ৬৫০ টাকা। পোল্ট্রি মুরগি ১৭৫ থেকে ১৯৫ টাকা, কক মুরগি ২৯৮ থেকে ৩১০ টাকা, লেয়ার মুরগি ৩৪০ থেকে ৩৫০ টাকা এবং দেশি মুরগি ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংসের কেজি ৮০০ টাকা, খাসির মাংস ১ হাজার ২৫০ টাকা। প্রতি ডজন লাল মুরগির ডিম ১৪০ থেকে ১৪৫ টাকা এবং সাদা ডিম ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। হাঁসের ডিমের ডজন ১৯০ টাকা। আল্লাহর দান স্টোরের বিক্রেতা ফজলুর রহমান বলেন, এ সময়ে ডিমের দাম কমার কথা থাকলেও এখনো কমেনি। তাঁর অভিযোগ, “সব আসলে বড় বড় কোম্পানির হাতে আটকা।” মাছের বাজারেও দামের পার্থক্য রয়েছে আকার ও ওজন অনুযায়ী। রুই মাছ কেজিতে ৩৫০ থেকে ৬০০ টাকা, কাতল ৩৫০ থেকে ৫৫০ টাকা, কালিবাউশ ৫০০ থেকে ৮০০ টাকা এবং চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচকি মাছের কেজি ৫০০ টাকা, কৈ ২২০ থেকে ২৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৬০০ টাকা এবং বাতাসি ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা। এ ছাড়া কাজলি মাছ কেজিতে ১ হাজার ৩০০ থেকে ২ হাজার টাকা, শিং ৪০০ থেকে ১ হাজার ২০০ টাকা, টেংরা ৬০০ থেকে ১ হাজার টাকা, মেনি ৭০০ থেকে ৮০০ টাকা, বেলে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা, বোয়াল ৭০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং রূপচাঁদা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। চালের বাজারে প্যাকেটজাত পোলাওয়ের চাল কেজিতে ২৩০ টাকা, আর খোলা পোলাওয়ের চাল মানভেদে ১৬০ থেকে ২০০ টাকা। দেশি মসুর ডালের কেজি ১৪০ থেকে ১৫০ টাকা, হাইব্রিড মসুর ডাল ৯০ টাকা, হাইব্রিড মুগ ডাল ১৪০ টাকা এবং দেশি মুগ ডাল ১৭০ টাকা। খেশারি ডাল ৮৫ টাকা, বুটের ডাল ১২০ টাকা, ছোলা ১০৫ টাকা এবং মাসকলাইয়ের ডাল ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ২০৪ টাকা এবং খোলা সয়াবিন তেল প্রতি কেজি ২০৫ টাকা। ঘির কেজি ১ হাজার ৪০০ টাকা, চিনি ১১০ টাকা, দুই কেজির প্যাকেট ময়দা ১৭০ টাকা এবং একই পরিমাণ প্যাকেট আটা ১৪০ টাকা। খোলা সরিষার তেল প্রতি লিটার ২২০ টাকায় বিক্রি হচ্ছে। মসলার মধ্যে এলাচি কেজিতে ৫ হাজার ৪০০ টাকা, দারুচিনি ৫০০ টাকা, লবঙ্গ ১ হাজার ৪০০ টাকা, গোলমরিচ ১ হাজার ৩০০ টাকা এবং জিরা ৫০০ টাকা। কাজুবাদামের কেজি ১ হাজার ৪০০ টাকা, আর কাঠবাদাম ১ হাজার ৩৫০ টাকা।

সর্বশেষ :

শোক পালনের অধিকারও নাগরিক অধিকার, কোনোভাবেই বাধা দিতে পারে না রাষ্ট্র   শোক পালনের অধিকারও নাগরিক অধিকার, কোনোভাবেই বাধা দিতে পারে না রাষ্ট্র শামা ওবায়েদ: ভারতের চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়   শামা ওবায়েদ: ভারতের চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয় চাঁদপুরের জেলেদের জন্য বরাদ্দ ৫ টন চাল কুমিল্লায় বেচে দিলেন ইউপি সচিব!   চাঁদপুরের জেলেদের জন্য বরাদ্দ ৫ টন চাল কুমিল্লায় বেচে দিলেন ইউপি সচিব! জৈনপুরী দরবারকে ‘যৌনপুরী’ বলায় তোপের মুখে মাফ চাইলেন রাশেদ   জৈনপুরী দরবারকে ‘যৌনপুরী’ বলায় তোপের মুখে মাফ চাইলেন রাশেদ হাসনাত আবদুল্লাহ: তারেক রহমান সরকার চালাচ্ছেন না, সরকার হাইজ্যাক হয়ে গেছে   হাসনাত আবদুল্লাহ: তারেক রহমান সরকার চালাচ্ছেন না, সরকার হাইজ্যাক হয়ে গেছে ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি কেনার খরচ দেন জামায়াত আমিরের উপদেষ্টা’   ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি কেনার খরচ দেন জামায়াত আমিরের উপদেষ্টা’ আয়ের সাথে ব্যয়ের হিসেব মিলছে না, সংসার খরচের ফর্দে পড়ল কাঁচি   আয়ের সাথে ব্যয়ের হিসেব মিলছে না, সংসার খরচের ফর্দে পড়ল কাঁচি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ভিসি ও ছাত্রদল নেতাদের ভবনের ভেতরে রেখে তালা দিলো চুয়েট শিক্ষার্থীরা   বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ভিসি ও ছাত্রদল নেতাদের ভবনের ভেতরে রেখে তালা দিলো চুয়েট শিক্ষার্থীরা