রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী!
অনলাইন নিউজ ডেক্স
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ সময় বিমানবন্দরেই অবস্থান করছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আতঙ্কিত অবস্থায় বিমানবন্দরের পেছনের গেট দিয়ে পালিয়ে বাইরে চলে যান তিনি।
যদিও তার নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা জানান, নিরাপত্তার স্বার্থেই তাকে পেছনের গেট দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আজ ১০ই নভেম্বর, মঙ্গলবার বেলা ১১টার দিকে বস্তু দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী নগরের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে স্থানীয় এক ব্যক্তি বিমানবন্দরে কর্মরত পুলিশের নজরে গ্রেনেডসদৃশ বস্তু দুটি আনেন। এরপর পুলিশ ওই স্থান ঘিরে রাখে। এর ৫ মিনিট আগেই সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে বিমানবন্দরে নামেন জ্বালানিমন্ত্রী টুকু। তখন তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন।
গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধারের বিষয়টি মন্ত্রীকে জানানোর পরই তাকে তড়িঘড়ি করে লোকজনসহ পেছনের গেট দিয়ে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়।
পরে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।
এদিকে, পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বস্তু দুটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার গাজিউর রহমানও বিষয়টি নিশ্চিত করে জানান, বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
