গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি


গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি
গাইবান্ধা জেলায় মোট ১৮৬টি চর রয়েছে, যা জেলার মোট ভূখণ্ডের ৩৫ শতাংশ। এই বিপুল জনপদকে বাদ দিয়ে জেলার উন্নয়ন সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই গাইবান্ধার সার্বিক উন্নয়নে চরাঞ্চলকেন্দ্রিক উন্নয়ন বরাদ্দ প্রদান এবং জরুরি ভিত্তিতে চর উন্নয়ন অধিদপ্তর গঠন এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞাপন ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় একশনএইড সুশীল প্রকল্প আয়োজিত ‘জাতীয় বাজেটে নাগরিক সমাজের প্রত্যাশা অন্তর্ভুক্তিকরণ: গাইবান্ধা পরিপ্রেক্ষিত’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব দাবি জানান। এসকেএস ইন বালাসি মিলনায়তনে গত বুধবার সকালে এই সংলাপটি অনুষ্ঠিত হয়, যেখানে সহযোগিতা করেছে এসকেএস ফাউন্ডেশন। বৈঠকে বক্তারা গাইবান্ধায় একটি কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ভাষা প্রশিক্ষণ কেন্দ্র, দ্বিতীয় যমুনা সেতু, ইপিজেড এবং চরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া উন্নয়নের বিভিন্ন সূচকে দেশের ৬৪ জেলার মধ্যে গাইবান্ধাকে পিছিয়ে থাকা জেলা হিসেবে উল্লেখ করে কৃষি ও শিল্প খাতকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বাজেট নিয়ে ক্ষোভ প্রকাশ করে গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন, জেলা পরিষদের জন্য বছরে বরাদ্দ দেওয়া হয় ৪ কোটি ৫০ লাখ টাকা, যা চার কিস্তিতে পাওয়া যায়। এই অর্থ সমানভাবে বণ্টন করলে প্রতিটি উপজেলায় পড়ে মাত্র আট লাখ টাকা। তিনি বলেন, ‘এই টাকায় কী উন্নয়ন হবে? এটা একটা বড় চ্যালেঞ্জ।’ এ সময় তিনি প্রত্যেক সংসদ সদস্যের বরাদ্দের তুলনায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বরাদ্দ বাড়ানোর দাবি জানান। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহমুদুন্নবী বলেন, ‘গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় করার উপযোগিতা আছে। এখানে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ঘাঘট লেক উন্নয়ন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণসহ গাইবান্ধার উন্নয়নে জাতীয় বাজেটে বরাদ্দ রাখতে হবে। এ ছাড়া সরকারিভাবে শিল্প–কলকারখানা গড়ে তুলতে হবে। আমরাও বিষয়গুলো সরকারকে জানাব।’ বিজ্ঞাপন চরাঞ্চলের উন্নয়নের বিষয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল কবির বলেন, গাইবান্ধার বালাসিঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে চরাঞ্চলের উন্নয়নসহ জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি পর্যটনশিল্প হবে এবং সেখানে পর্যটনকেন্দ্রও গড়ে উঠবে। গাইবান্ধা পৌর জামায়াতের আমির ফেরদৌস ইসলাম নদী শাসন করে চরাঞ্চলে যোগাযোগব্যবস্থার উন্নয়নে বাজেট বরাদ্দের দাবি জানান। এসকেএস ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা আশরাফুল ইসলাম চরাঞ্চলে উৎপাদিত ফসল সংরক্ষণের জন্য নদীতীরবর্তী এলাকায় সংরক্ষণাগার স্থাপনের কথা বলেন। শিক্ষার উন্নয়নে গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশিদ মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। একই সুর শোনা যায় লেখক ও শিক্ষক রনজু খন্দকারের কণ্ঠে, যিনি ভাষা প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার ওপরও জোর দেন। সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সহকারী সম্পাদক মিহির ঘোষ বলেন, জাতীয় বাজেটে সাধারণত অঞ্চলভিত্তিক বৈষম্য দেখা যায়। তিনি বলেন, ‘গাইবান্ধা ঐতিহ্যবাহী ও প্রাচীন জেলা হলেও আশানুরূপ উন্নয়ন হয়নি। অথচ প্রতিবেশী জেলাগুলোতে বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলসহ নানা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অতীত ও বর্তমানের শাসক শ্রেণির নেতৃত্বের দুর্বলতাই গাইবান্ধার পিছিয়ে থাকার অন্যতম কারণ।’ একশনএইড বাংলাদেশের হেড অব প্রোগ্রাম কাজী মোরশেদ আলম সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন। সরকারি কর্মকর্তাদের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ইমাম হাসিম সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানোর কথা বলেন। জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান বলেন, বাল্যবিবাহের হার ৫৭ শতাংশ, যা নারীর ক্ষমতায়নের পথে বড় বাধা। তিনি বাল্যবিবাহ রোধে চরাঞ্চলে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং নারী প্রশিক্ষণকেন্দ্র আধুনিকায়নের জন্য বাজেটে বরাদ্দের দাবি জানান। বিজ্ঞাপন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির বলেন, গাইবান্ধার তরুণেরা প্রশিক্ষণের বিষয়ে বেশি আগ্রহী হলেও কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের আগ্রহ কিছুটা কম। তিনি বলেন, যুব উন্নয়নে বাজেটে বরাদ্দের ঘাটতি নেই, তবে বরাদ্দ আরও বাড়ানো হলে ভালো হয়। এছাড়া অনুষ্ঠানে দৈনিক মাধুকর–এর সম্পাদক কে এম রেজাউল হক, দৈনিক ঘাঘট সম্পাদক আবদুস সামাদ সরকার, গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আনিছা আখতার বেগম চৌধুরী ও সুজন প্রতিনিধিরা বক্তব্য রাখেন।