হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার


হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীকে (৩৮) পরীক্ষা-নিরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত হাসপাতালের আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসানকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী নারী অভিযোগ করেন। বিজ্ঞাপন পুলিশ জানায়, চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষার জন্য ওই নারী হাসপাতালের প্যাথলজি বিভাগে যান। সোমবার দুপুর ১২টার পর সেখানে গেলে তাঁকে জানানো হয় যে তখন পরীক্ষা করা সম্ভব হবে না। এ সময় সেখানে কর্মরত আউটসোর্সিং কর্মী মাহমুদুল তাঁকে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করার আশ্বাস দেন। পরে মাহমুদুল ওই নারীকে প্রস্রাবের নমুনা নিয়ে আসতে বলেন। নমুনা নিয়ে প্যাথলজি বিভাগের একটি কক্ষে গেলে মাহমুদুল দরজা বন্ধ করে তাঁকে ধর্ষণ করেন বলে পুলিশের ভাষ্য। ভুক্তভোগী নারী বাড়িতে ফিরে তাঁর স্বামীকে বিষয়টি জানান। এরপর মঙ্গলবার দুপুরে স্বামীকে সঙ্গে নিয়ে তিনি থানায় গিয়ে মামলা দায়ের করেন। পুলিশ মঙ্গলবার বিকেল চারটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে মাহমুদুল হাসানকে আটক করে। মাহমুদুল সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত মাহমুদুল হাসানকে আটক করা হয়েছে। ভুক্তভোগী নারীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে পুলিশি ব্যবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।