ত্রিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা: জেলা প্রশাসনের বিশেষ অভিযান


ত্রিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা: জেলা প্রশাসনের বিশেষ অভিযান
ত্রিশালে স্টোরেজ সার্টিফিকেটের মেয়াদ না থাকায় দুটি ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ত্রিশাল উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।অভিযান পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আরাফাত সিদ্দিকী।সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ দুপুরে ত্রিশাল পৌর এলাকায় অবস্থিত ‘ত্রিশাল ফিলিং স্টেশন’ ও ‘মোজাদ্দেদিয়া ফিলিং স্টেশনে’ আকস্মিক পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত। পরিদর্শনকালে প্রতিষ্ঠান দুটির স্টোরেজ সার্টিফিকেটের (জ্বালানি মজুদের বৈধ সনদ) মেয়াদ উত্তীর্ণ পাওয়া যায়। এ অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রশাসনের বক্তব্য অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী গণমাধ্যমকে জানান, \"জনস্বার্থ রক্ষা এবং ফিলিং স্টেশনগুলোর সেবার মান নিশ্চিত করতে জেলা প্রশাসনের এই কঠোর অবস্থান। ভোক্তা অধিকার রক্ষায় এবং সকল প্রতিষ্ঠানে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিতে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ গ্রাহকরা।