মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস
অনলাইন নিউজ ডেক্স
দেশে মানবাধিকার লঙ্ঘনের যেকোনো ঘটনা পর্যালোচনা করার লক্ষ্যে মানবাধিকার ও শান্তিবিষয়ক সংসদীয় ককাস গঠন করা হয়েছে। বুধবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই ককাসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সিদ্ধান্তে গত ২ নভেম্বর এই ককাস গঠিত হয়।
বিজ্ঞাপন
ককাসের চেয়ারপারসন ফাহিমা নাসরিন বৈঠক শেষে সাংবাদিকদের জানান, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো চিহ্নিত করার পাশাপাশি বিচারপ্রক্রিয়া ও পরবর্তী পদক্ষেপগুলো যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করবে এই প্ল্যাটফর্ম। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা সম্মিলিতভাবে এই কাজ পরিচালনা করবেন।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ককাসের পৃষ্ঠপোষক ও ডেপুটি স্পিকার কায়সার কামাল উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘বিগত সময়ে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং যারা ভিকটিম (ভুক্তভোগী), তাদের শনাক্ত করে একটি গ্রহণযোগ্য চিত্র তুলে ধরে ভবিষ্যতে যাতে এ ধরনের কর্মকাণ্ড আর সংঘটিত না হয়, সে বিষয়ে সজাগ ও সচেতনতার সঙ্গে কাজ করার উদ্দেশ্যে এই ককাস গঠন করা হয়েছে।’
ডেপুটি স্পিকার আরও বলেন, ‘এই কমিটিকে একটি কার্যকর কমিটি হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’ তিনি মানবাধিকার লঙ্ঘনকারীরা যাতে কোনোভাবেই ভুক্তভোগী সাজার চেষ্টা করতে না পারে, তা গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান। একই সঙ্গে আইন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় ককাসকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
ককাসের চেয়ারপারসন ফাহিমা নাসরিনের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন সদস্য হুমাম কাদের চৌধুরী, সাঈদ আল নোমান, মীর আহমাদ বিন কাসেম, মোহাম্মদ নাজিবুর রহমান, মো. আবুল হাসনাত, জহরত আদিব চৌধুরী, সানজিদা ইসলাম ও আন্না মিনজ।
