শিবগঞ্জ সীমান্তে অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ জব্দ
আবুল কাশেম, উপজেলা প্রতিনিধি শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমান নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বুধবার (১১ মার্চ) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত এলাকা এবং মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিলের বিকল্প ভারতীয় এসকাফ ডিএক্স সিরাপ ও টেনসিউইন ট্যাবলেট জব্দ করে ৫৯ বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
এ ব্যাপারে অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত গভীর রাতে বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্তে এলাকায় অভিযান পরিচালনা করে নেশাজাতীয় টেনসিউইন ট্যাবলেট ৩১৭০ পিস এবং ৫০ বোতল ভারতীয় এসকাফ ডিএক্স সিরাপ জব্দ করতে সক্ষম হয়।
এদিকে অপর এক অভিযানে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল একই উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাফসহ উপজেলার আড়গাড়া এলাকার চকসিরামপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে আলীমকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
