বাংলাদেশের চাকরি ছাড়লেন টেইট, আপৎকালীন পেস বোলিং কোচ তালহা
অনলাইন নিউজ ডেক্স
পারিবারিক কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন শন টেইট। এর পরপরই আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য সাবেক জাতীয় পেসার তালহা জুবায়েরকে আপৎকালীন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান শাহরিয়ার নাফীস তালহার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেইটের পদত্যাগের খবর জানায়।
বিসিবি জানিয়েছে, পারিবারিক সমস্যার কারণে টেইট চুক্তির মেয়াদ কমিয়ে কাজ করতে চেয়েছিলেন। তবে দুই পক্ষের আলোচনার পর পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
টেইটের কোচিংয়ে বাংলাদেশের পেসাররা বেশ ভালো সময় পার করেছেন। বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানার মতো প্রতিভাবান ক্রিকেটারকে গড়ে তোলার পেছনে তার বড় ভূমিকা ছিল।
বিদায় বেলায় সাবেক এই অস্ট্রেলীয় ফাস্ট বোলার বলেন, ‘বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা ছিল। সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। তবে আলোচনার সময় বিসিবি যেভাবে আমার পরিস্থিতি বুঝতে পেরে পাশে দাঁড়িয়েছে, সে জন্য আমি কৃতজ্ঞ। আমাদের পেসারদের নিয়ে আমি গর্বিত, ওদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল।’
আগামী শুক্রবার বিকেলে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর এই সিরিজকে সামনে রেখে আগামী ৬ জুন থেকে শুরু হবে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প।
