ঢাকায় তরুণদের দক্ষতা বিষয়ক ‘রাইজ অ্যাবোভ অল ১০এক্স’ অনুষ্ঠিত
অনলাইন নিউজ ডেক্স
রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে তরুণদের নেতৃত্ব, ব্যক্তিগত দক্ষতা ও ক্ষমতায়নবিষয়ক আয়োজন ‘রাইজ অ্যাবোভ অল ১০এক্স’ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দিনব্যাপী এই আয়োজনে পাঁচ হাজার তরুণ-তরুণী অংশ নেন। অনুষ্ঠানটিতে বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব, উদ্যোক্তা, বিনোদন তারকা ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখেরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির আয়োজনে অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান উদ্ভাবন কর্মকর্তা (সিআইও) গোলাম সামদানি ডন। তিনি বলেন, ‘১০ বছর আগে একটি সহজ বিশ্বাস থেকে “রাইজ অ্যাবোভ অল”-এর যাত্রা শুরু হয়েছিল। সঠিক সময়ে সঠিক আলোচনা একজন তরুণের জীবন বদলে দিতে পারে। সেই দর্শন থেকে নেওয়া এ উদ্যোগে তরুণদের অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।’
নেতৃত্ব ও প্রতিকূলতা মোকাবিলার বিষয়ে লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম, লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী, বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন, বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হোসাইন, এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির, ওয়ান ব্যাংকের সিইও মুহিত রহমান এবং সিসিআই বাংলাদেশের জেনারেল ম্যানেজার ও ব্যবস্থাপনা পরিচালক শাদাব আহমেদ খান নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, ‘তরুণদের বড় স্বপ্ন দেখতে এবং নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যেতে এ ধরনের আয়োজন বড় ভূমিকা রাখে।’
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘তরুণদের মেধায় বিনিয়োগ মানেই বাংলাদেশের ভবিষ্যতে বিনিয়োগ।’ আয়োজনের সন্ধ্যার আকর্ষণ ছিল ইয়াসির আজমান, রুবাবা দৌলা ও শেখজাদ মুনিমের অংশগ্রহণে ‘লিডারশিপ আড্ডা’ এবং বাংলাদেশ ও তুরস্কের ব্যবসায়িক সম্পর্ক নিয়ে ‘টার্কিশ আড্ডা’। এছাড়া ইনফ্লুয়েন্সার আড্ডায় অংশ নেন সালাহউদ্দিন সুমন, শুভাশীষ ভৌমিক ও শৌমিক আহমেদ এবং অভিনেতা তৌসিফ মাহবুব ও ব্যান্ড ওয়ারফেজের প্রধান কণ্ঠশিল্পী শেখ মনিরুল আলম টিপুর সঙ্গে ছিল বিশেষ পর্ব। সবশেষে ওয়ারফেজের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আয়োজকেরা জানান, এবারের আয়োজনের আগে ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের ৫২টির বেশি ক্লাবে প্রচার কার্যক্রম চালানো হয়েছিল। গত এক দশকে এই উদ্যোগের মাধ্যমে ৪০ লাখের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছেছেন তারা এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
