ঢাকায় নিষিদ্ধ ঘোষিত দলের ৪৫ কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার
অনলাইন নিউজ ডেক্স
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ মোট ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নাশকতায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা ও সারা দেশে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩৮৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে কেবল ঢাকা মহানগরীতেই গ্রেপ্তার হয়েছেন ৬০ জন। এর আগের ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৮০ জনকে গ্রেপ্তার করার তথ্য পাওয়া গেছে।
ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ আবু সুফিয়ান জানান, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, মিছিল ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা ও গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, শুক্রবার রাত থেকে বাস, ট্রেন, বিদ্যুৎ উপকেন্দ্র, ব্যাংক, থানা ও সংসদ সদস্যের বাড়িতে আগুন এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। এছাড়া অনলাইনে ঘোষিত কর্মসূচি ঘিরে সরকারি স্থাপনা ও যানবাহনে হামলা চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
