বৃদ্ধাশ্রমে ঢুকে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম আটক
অনলাইন নিউজ ডেক্স
ময়মনসিংহের নান্দাইল উপজেলার একটি বৃদ্ধাশ্রমে ঢুকে ভেতরে আশ্রিত এক প্রতিবন্ধী বৃদ্ধা নারীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে মো. রুবেল মিয়া (৩০) নামের স্থানীয় মসজিদের এক ইমামকে আটক করেছে পুলিশ।
আজ ১লা অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ‘মাতৃছায়া বৃদ্ধাশ্রমে’ এ ঘটনা ঘটে।
আটক রুবেল মিয়ার বাড়ি উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামে। তিনি আব্দুর রহিমের ছেলে এবং স্থানীয় চৈতন্য কালী মসজিদে ইমামের দায়িত্ব পালন করতেন।
বৃদ্ধাশ্রমটির পরিচালক রফিকুল ইসলামের ভাষ্য, বৃহস্পতিবার সন্ধ্যার পর রুবেল মিয়া আশ্রমে ঢোকেন। পরে সেখানে থাকা এক প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা করেন। ওই বৃদ্ধার চিৎকার শুনে আশ্রমের বাসিন্দা ও কর্মচারীরা এগিয়ে আসেন এবং তাকে ধরে ফেলেন।
পালাতে না পারেন, সে জন্য তাকে লোহার শিকলে বেঁধে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেল মিয়াকে হেফাজতে নেয়।
তবে রুবেল মিয়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন।
তার দাবি, বৃদ্ধাশ্রমে থাকা প্রতিবন্ধী নারী এবং অন্য অসহায় নারী-পুরুষদের সেবা ও দেখাশোনার জন্য তিনি সেখানে গেছেন। কোনো অনৈতিক বা অপরাধমূলক কাজের উদ্দেশ্য তার ছিল না বলে দাবি করেন তিনি।
বৃদ্ধাশ্রমের নিজস্ব কর্মকর্তা-কর্মচারী থাকা সত্ত্বেও গোপনে বৃদ্ধদের দেখাশোনার প্রয়োজন হলো কেন, আপনাকে কে খবর দিয়েছে, সংস্থাটির অনুমোদন নেননি কেন- এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি ইমাম রুবেল মিয়া।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত বৃদ্ধাশ্রমে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার সব দিক যাচাই করা হচ্ছে।
ভুক্তভোগী পক্ষের আনুষ্ঠানিক অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলবে বলে জানান তিনি।
