মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম বলেছেন, সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করছে মাদক। এটি নির্মূলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরো সজাগ থেকে দায়িত্ব পালন করতে হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নওগাঁর আত্রাই উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করে মাদকের বলয় ভাঙতে হবে। গত সরকারের সময় যাদের কিছুই ছিলোনা মাদকের ব্যবসা করে ওই সকল পরিবার কৌটিপতি হয়েছে। বর্তমান সরকার মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। তাই আমার নির্বাচনী এলাকায় মাদকের কোনরুপ আস্তানা রাখা হবেনা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় আত্রাই থানার ওসি মাহবুব আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারন সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার খায়রুল আলমসহ বিভিন্ন দপ্তর প্রধান ও উক্ত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
