ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন


ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন
নেপাল-চীন সীমান্তবর্তী তিব্বতের গিরং এলাকায় ভূমিধসে ক্ষতিগ্রস্ত অঞ্চল পর্যবেক্ষণে ড্রোন উড়িয়েছে চীনের বিমানবাহিনী। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার (২৬ আগস্ট) এতথ্য জানিয়েছে। পরে এ বরাতে বিবিসি খবর প্রকাশ করে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ পানি ও কাদার স্রোত আঘাত হানার দৃশ্য দেখা গেছে। আকস্মিক বন্যা ও ভূমিধসে ওই অঞ্চলের সড়ক, যোগাযোগ ও বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জরুরি সাড়া দেওয়ার পরিকল্পনা সক্রিয় করেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণে আরও আকাশপথে নজরদারি এবং জরুরি বিমানযোগে লোকজন ও সরঞ্জাম পরিবহনের পরিকল্পনা করা হচ্ছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যবহারের জন্য পরিবহন বিমান, হেলিকপ্টার ও আরও ড্রোন প্রস্তুত রাখা হয়েছে। নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মধ্যে চীনের পক্ষ থেকেও উদ্ধার তৎপরতা জোরদার করা হচ্ছে। সীমান্তের দুই পাশেই নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। এদিকে নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর নিখোঁজ পর্যটকের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ৪৬৬ জন বিদেশি নাগরিক। নেপাল পুলিশ বলেছে, নিখোঁজ বিদেশি পর্যটকরা ২৮টি দেশের নাগরিক। এ ছাড়া ১১৩ জন নিখোঁজ পর্যটক নেপালের নাগরিক। নিখোঁজ বিদেশি পর্যটকদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫৪ জন রয়েছেন। যুক্তরাজ্যের নিখোঁজ নাগরিকের সংখ্যা ৩৩ জনে অপরিবর্তিত রয়েছে। সূত্র: বিবিসি