মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকান চুরির ঘটনায় তিনজনের রিমান্ড


মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকান চুরির ঘটনায় তিনজনের রিমান্ড
রাজধানীর ধানমন্ডির পূরবী জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেপ্তার তিন সন্দেহভাজন আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন মামলার শুনানি শেষে এই আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শরীফ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞাপন মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। গ্রেপ্তার হওয়া তিন আসামি হলেন গোলাম সরোয়ার (৫৮), মো. আমিনুর রহমান (৫৭) ও রিজওয়ানুল ইসলাম লাহিন (২৮)। গত শুক্রবার দিবাগত রাতে ধানমন্ডির আনাম র‍্যাংগস প্লাজা বিপণিবিতানে অবস্থিত পূরবী জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে। পূরবী জুয়েলার্সের বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ জানান, বিপণিবিতানের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাওয়ে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে এই চুরির ঘটনা ঘটানো হয়। এরপর চোরেরা শোরুমের চেম্বারে থাকা ২৩ হাজার ২০০ গ্রাম স্বর্ণ ও হীরার গয়না নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৩৮ কোটি টাকা। এছাড়া শোরুমের ড্রয়ার থেকে নগদ ১০ লাখ টাকাও চুরি করা হয়েছে। ঘটনার পর পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ধানমন্ডি মডেল থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করছেন ধানমন্ডি মডেল থানার পরিদর্শক মো. আমিনুল হক। তদন্ত কর্মকর্তার ভাষ্যমতে, তথ্যপ্রযুক্তিসহ বিশ্বস্ত সূত্রের সহায়তায় অভিযান চালিয়ে গতকাল শনিবার দিবাগত রাতে ধানমন্ডি এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। চুরির প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং গয়না ও অর্থ উদ্ধারের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল বলে জানানো হয়।