প্রকাশিতঃ অক্টোবর ১, ২০২৬

হিসাববিজ্ঞানে প্রথম হয়েও গেজেট হয়নি নাহিদের


হিসাববিজ্ঞানে প্রথম হয়েও গেজেট হয়নি নাহিদের
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় হিসাববিজ্ঞানে প্রথম হয়েও চূড়ান্ত গেজেটে নাম আসেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদ আহমেদের। কেন গেজেট হয়নি, সে কারণও জানেন না বলে জানিয়েছেন তিনি। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান নাহিদ। পোস্টের শুরুতে নাহিদ লেখেন, ‘যাই হোক, ভেবেছিলাম কিছু লিখব না! কিন্তু সবার কল এবং ম্যাসেজের কারণে লিখতে বাধ্য হচ্ছি।’ এরপর তিনি লেখেন, ‘৪৯ তম বিসিএসে হিসাববিজ্ঞানে ১ম হয়েও আমার গেজেট হয়নি। কী কারণে তা আমি জানি না!’ নিজের পরিচিতজনদের উদ্দেশে নাহিদ আরও লেখেন, ‘ক্যাম্পাসের এবং গোপালগঞ্জের যারা আমাকে চিনেন, তারা আমার রাজনৈতিক ফিরিস্তি কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন।’ এর আগে ২০২৫ সালের ১১ নভেম্বর ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সাধারণ শিক্ষা ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল। এরপর বুধবার (৩০ সেপ্টেম্বর) ৪৯তম বিসিএসের নিয়োগের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়। এতে সাধারণ শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। চূড়ান্ত ফল প্রকাশের পর গেজেট প্রকাশ পর্যন্ত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নাহিদ আহমেদের নাম চূড়ান্ত গেজেটে না থাকায় বিষয়টি নিয়ে তিনি ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানান। তবে গেজেটে তার নাম না থাকার নির্দিষ্ট কারণ সম্পর্কে তার পোস্টে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।