জশাহীর গোদাগাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
অনলাইন নিউজ ডেক্স
রাজশাহী জেলার গোদাগাড়ীতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে গোদাগাড়ী থানাধীন মোহনপুর মাঝাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. শাহালাল উদ্দিন (২৫)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দরগা হঠাৎপাড়া এলাকার আলীবুরের ছেলে। এসআরবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল মোহনপুর মাঝাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কামালের পুকুরের উত্তর পাশে হঠাৎপাড়া থেকে সাঁওতালপাড়াগামী কাঁচা রাস্তা থেকে শাহালাল উদ্দিনকে আটক করা হয়। তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করে আটক করা হয়। এসআরবি জানায়, গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
