‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা
অনলাইন নিউজ ডেক্স
অবৈধ ও ফরমায়েশি বিচারের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশব্যাপী পালিত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। একই সঙ্গে কর্মসূচিতে সংহতি ও সহযোগিতা জানানোয় দেশবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
রোববার আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বলে যুবলীগের পক্ষ থেকে জানানো হয়েছে। সংগঠনটির দাবি, মানুষের অংশগ্রহণ ও সমর্থন দেশে বিরাজমান ক্ষোভ, প্রতিবাদ এবং ন্যায়বিচারের প্রত্যাশার বহিঃপ্রকাশ।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর যুবলীগের পক্ষ থেকে ২০ সেপ্টেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি সফল করতে ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছিল।
যুবলীগ বলছে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে পালিত কর্মসূচি গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের দাবির প্রতি মানুষের অবস্থানকে তুলে ধরেছে। সংগঠনটির ভাষ্য, এই কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে তাদের রাজনৈতিক আন্দোলনের পথ আরও সুগম হয়েছে।
‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংহতি প্রকাশ করা সবাইকে ধন্যবাদ জানিয়েছে যুবলীগ। সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
এদিকে কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা, চেকপোস্ট, মিছিল এবং বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের খবর এসেছে।
যুবলীগের বিবৃতিতে বলা হয়, ‘এ-যুদ্ধ মিথ্যার বিরুদ্ধে সত্যের, অন্ধকারের বিরুদ্ধে আলোর।’ দেশ ও মানুষকে রক্ষার জন্য অন্ধকার দূর করার আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, তাদের রাজনৈতিক প্রত্যাশা হলো শেখ হাসিনার প্রত্যাবর্তন। বিবৃতিতে বলা হয়, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ শেখ হাসিনার ফিরে আসার অপেক্ষায় রয়েছে এবং বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বেই বাংলাদেশের মুক্তি সম্ভব।
বিবৃতির শেষাংশে যুবলীগ ‘জনগণের বিজয় অবশ্যম্ভাবী’ বলে উল্লেখ করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মাধ্যমে বক্তব্য শেষ করেছে।
