সারা দেশের ন্যায় আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে নওগাঁর আত্রাইয়ে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় আত্রাই উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের অন্যান্য জেলা ও উপজেলা থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন।
আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে ডেঙ্গুর বিস্তার রোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ খায়রুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামান এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র-ছাত্রী বৃন্দ এবং রোভার স্কাউট দলসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এ তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি। এ সময় উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তিন মাসব্যাপী এ কর্মসূচি শুধু উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিতকরণ ও ধ্বংস এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে আত্রাইয়ে ডেঙ্গুর ঝুঁকি কমাতে ধারাবাহিকভাবে কাজ করা হবে।
