প্রকাশিতঃ অক্টোবর ১, ২০২৬

নৌপথের বাড়তি ভাড়া নিয়ে প্রজ্ঞাপন জারি


নৌপথের বাড়তি ভাড়া নিয়ে প্রজ্ঞাপন জারি
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নৌপথে যাত্রীভাড়া বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত ভাড়ায় প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২২ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য ১৯ পয়সা বাড়ানো হয়েছে। একই সঙ্গে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে গত ২৯ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী নৌযানে যাত্রী পরিবহনের জন্য জনপ্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে ২২ পয়সা বাড়িয়ে ৩ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে ১৯ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা করা হয়েছে। এ ছাড়া জনপ্রতি সর্বনিম্ন যাত্রীভাড়া ৩২ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনর্নির্ধারিত ভাড়ার হার সব নদীবন্দরের টার্মিনাল এবং নৌযানের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে। এতে আরও বলা হয়, নৌযানের ভাড়া নির্ধারণ সংক্রান্ত এর আগে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ এতদ্বারা রহিত করা হলো। জনস্বার্থে পুনর্নির্ধারিত এই ভাড়া ২৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পাল প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।