চাঁপাইনবাবগঞ্জে প্রত্যেক বাড়িতে বিশুদ্ধ পানি পৌঁছে দিবেন এমপি
অনলাইন নিউজ ডেক্স
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় প্রত্যেক বাড়ি আর্সেনিকমুক্ত বিশুদ্ধ খাবার পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। ভূগর্ভস্থ পানি পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে পৌর এলাকার প্রত্যেক বাসাবাড়িতে পানি সরবরাহের উদ্দেশ্যে প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে একটি পাইলট প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য তিনটি স্থান পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি পৌরসভার রাবারড্রামের পাশের রেহাইচর, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলার মোড় ও চক বহরমপুর এলাকা পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলীরা প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য স্থান ও কারিগরি বিভিন্ন দিক সম্পর্কে নুরুল ইসলাম মোঃ বুলবুল এমপিকে অবহিত করেন। পরিদর্শন শেষে এমপি বলেন, পৌরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই সম্ভাব্য স্থানগুলোর মধ্য থেকে একটি স্থান চূড়ান্ত করে প্রকল্পের কাজ শুরু করা হবে। প্রকল্পটি সফল হলে পরর্বতীতে ধাপে ধাপে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সকল বাড়িতে আর্সেনিকমুক্ত বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (গ্রাউন্ড ওয়াটার সার্কেল) বিধান চন্দ্র দে, নির্বাহী প্রকৌশলী (গবেষণা ও উন্নয়ন বিভাগ) ড. সুশান্ত রায়, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার, প্রাক্কলনিক মোঃ মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামীর সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিম, পৌরসভার সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেলসহ সংশ্লিষ্টরা।
