যুদ্ধের সপ্তাহ পেরোলেও সমঝোতার আলো নেই


যুদ্ধের সপ্তাহ পেরোলেও সমঝোতার আলো নেই
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে এক সপ্তাহে ব্যাপক রক্তপাত ও ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শনিবার যুদ্ধের অষ্টম দিনে ইরানের বিভিন্ন স্থানে বড় হামলা হয়। ভোরে রাজধানী তেহরানের আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে ইসরায়েলের তেল আবিবসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জবাব দেয় ইরান। হামলা হয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি-স্থাপনায়ও। ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি ইরানের সমর্থনে লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। পাশাপাশি লেবানন থেকে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে হিজবুল্লাহ। ইসরায়েলের বিমান হামলায় দেশটিতে ব্যাপক প্রাণহানি ঘটছে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণে’র দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘শত্রুরা ইরানের আত্মসমর্পণের স্বপ্নকে কবরে নিয়ে যাবে।’ পরে ট্রাম্প আরও কঠোর হামলার হুঁশিয়ারি দেন। আগে রেকর্ড করা এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলো থেকে যদি ইরানের ওপর হামলা না হয়, তাহলে তারাও সেখান হামলা চালাবেন না। তিনি গত কয়েক দিনে সংঘটিত হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেন। পরে বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বলে, কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী ও সম্পদকে লক্ষ্যবস্তু বিবেচনা করা হচ্ছে। পরে ট্রাম্প বলেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের কাছে ‘আত্মসমর্পণ’ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন, তিনি যদি উত্তেজনা বৃদ্ধি করতে চান, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত। এ অবস্থায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্য থেকে ২৮ হাজার নাগরিককে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সাইপ্রাসে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের বিষয় বিবেচনা করছে তুরস্ক। ইসরায়েলে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের হামলা ইরান ধারাবাহিকভাবে ইসরায়েলজুড়ে লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। আলজাজিরা জানায়, গতকাল উত্তর ইসরায়েলের তেল আবিব ও নেগেভ মরুভূমির বেয়ারশেবার কাছে বিস্ফোরণ ও বিমান হামলার সাইরেন বাজতে শোনা যায়। বিশ্লেষকদের মতে, এ ধারাবাহিক হামলার মাধ্যমে ইরানের স্পষ্ট কৌশল হলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল ও ভারসাম্যহীন রাখা; সেই সঙ্গে ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের সংখ্যা কমানো। গত শুক্রবার মধ্যরাত থেকে গতকাল পর্যন্ত ইরান ইসরায়েলে অন্তত পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এ হামলার জেরে সারারাত লাখ লাখ ইসরায়েলিকে বাঙ্কারে অবস্থান করতে হয়েছে। ইসরায়েলের বিশ্লেষকদের মতে, দেশটির সরকারের ওপর চাপ বাড়াতে ইরান এ কৌশল নিয়েছে, যাতে ভিন্ন ভিন্ন সময়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলিদের দীর্ঘ সময় আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য করা যায়। লেবাননে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের একাধিক স্থানে রকেট নিক্ষেপ করেছে। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির-সাইদ ইরাভানি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘কোনো লাল রেখা’ স্বীকৃতি না দেওয়ার এবং যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করার অভিযোগ করেছেন। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি-স্থাপনায় হামলা গতকাল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি সন্দেহভাজন ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আইআরজিসির নৌবাহিনী সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। একটি মার্কিন স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, প্রাথমিক সতর্কতা ও অগ্নিনিয়ন্ত্রণ রাডারে আঘাত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশে গত ৮ দিনে কমপক্ষে ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১২১টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল শুরু হলেও উদ্বেগ-উৎকণ্ঠা কাটছে না। আলজাজিরা জানিয়েছে, বাহরাইন ও ইরাকের আকাশসীমা বন্ধ রয়েছে। কাতার বলছে, তারা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা ইরানের রাজধানী তেহরান ও ইসফাহানে বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে আবারও ‘বিস্তৃত’ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। বিবিসির খবরে বলা হয়, গতকাল তেহরানে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওতে তেহরানের দক্ষিণ-পূর্বের কার্চাক কাউন্টি থেকে ধোঁয়ার ঘন কুণ্ডলী উঠতে দেখা গেছে। গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের একটি পানি বিশুদ্ধকরণ প্লান্টে হামলা চালিয়েছে। এতে ৩০টি গ্রামে বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। ইরানের শিক্ষা মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের হামলায় দেশটিতে ১৯৫ শিক্ষক-শিক্ষার্থীর প্রাণ গেছে। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা হোসেইন সাদাঘি বার্তা সংস্থা আইআরএনএ-কে বলেন, নিষ্পাপ লোকজনকে হত্যা করা হয়েছে। ৬৮ স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের দাবি, তারা ইরানের ১৬টি যুদ্ধবিমান ধ্বংস করেছে এবং তাদের কেন্দ্রীয় বিমান প্রতিরক্ষা কমান্ড সেন্টারে আঘাত করেছে। প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে ইরানও হামলা চালাবে না: মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলো থেকে ‘প্রথমে হামলা না হলে’ ইরানও তাদের ওপর হামলা করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্টের একটি ভিডিও বার্তা প্রচার করা হয়। সেখানে বলেন, ‘যেসব প্রতিবেশী দেশ আক্রমণের শিকার হয়েছে, তাদের কাছে দুঃখ প্রকাশ করা প্রয়োজন বলে আমি মনে করি।’ শান্তি প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রতিবেশী দেশগুলোতে আক্রমণের কোনো ইচ্ছা নেই।’ পেজেশকিয়ান বলেন, ‘এখন থেকে প্রথমে হামলা না করা পর্যন্ত প্রতিবেশী দেশে আক্রমণ না করার নির্দেশনা সশস্ত্র বাহিনীকে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে সমর্থন করা সম্মান ও স্বাধীনতার পথ নয়। ইরানে আক্রমণের জন্য যারা এ মুহূর্তটিকে কাজে লাগাতে চাইছেন, তাদের সাম্রাজ্যবাদের পুতুল হওয়া উচিত হবে না।’ ইরানে ‘খুব কঠিন আঘাতের’ হুঁশিয়ারি ট্রাম্পের বিবিসি লিখেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি বার্তা শেয়ার করেছেন। সেখানে ইরানের প্রেসিডেন্টের মন্তব্যের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ইরান ‘তার মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং আত্মসমর্পণ করেছে। তারা প্রতিশ্রুতি দিয়েছে, আর তাদের দিকে গুলি চালাবে না।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিরাম হামলার কারণেই এ প্রতিশ্রুতি এসেছে।’ পরে ট্রাম্প বলেন, ‘আজ ইরানকে খুব কঠিনভাবে আঘাত করা হবে!’ আলজাজিরা জানায়, ইরানের নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংসের দাবি করেছেন ট্রাম্প। ফ্লোরিডায় এক অনুষ্ঠানে তিনি বলেন, তাদের হামলায় ইরানের সামরিক সক্ষমতা, বিমান বাহিনী, নৌবাহিনী ও যোগাযোগব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে বিশ্বের উপকার করেছে যুক্তরাষ্ট্র’ ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র পুরো বিশ্বের উপকার করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অভিযানের অগ্রগতিকে তিনি অসাধারণ সাফল্য হিসেবে মনে করে। ট্রাম্প বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য আমরা একটি সেবা দিচ্ছি।’ ইরাক থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে মার্কিন তেল কোম্পানিগুলো বিদেশি তেল কোম্পানিগুলো ইরাকের তেলক্ষেত্র থেকে তাদের কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্সের সংগৃহীত ফুটেজে দেখা যায়, কর্মীরা সাফওয়ান সীমান্ত পেরিয়ে কুয়েতে প্রবেশ করছেন। মার্কিন তেল কোম্পানি হ্যালিবার্টনের একজন নিরাপত্তারক্ষী মোহাম্মদ তামেহ রয়টার্সকে জানান, ‘ইরাকের নিরাপত্তা পরিস্থিতির কারণে সেখানকার তেল স্টেশনগুলোতে কর্মরত বিদেশি কর্মীরা কুয়েতে চলে গেছেন। সেখান থেকেই সিদ্ধান্ত নেবেন, তারা কোথায় যাবেন। এ ছাড়া এইচকেএন এনার্জি নামে আরেকটি মার্কিন তেল উৎপাদনকারী সংস্থা গত শুক্রবার থেকে তেল উৎপাদন বন্ধ করে দিয়েছে। বাহরাইনে মার্কিন ঘাঁটি ও হরমুজে জাহাজে হামলা আইআরজিসি জানিয়েছে, তারা বাহরাইনের জুফাইরে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কেশমে একটি ডিস্যালিনেশন প্লান্টে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় এ হামলা করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি আগে বলেছিলেন, মার্কিন হামলায় ৩০টি গ্রামের পানি সরবরাহ ব্যাহত হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমান হামলার সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নিতে বলা হয়। হরমুজ প্রণালিতে একটি ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজের ছবি প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, শত্রু দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব রয়েছে– এমন দেশগুলোর তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে যেতে দেওয়া হবে না। আলজাজিরা জানিয়েছে, ‘প্রাইমা’ নামে তেলবাহী ট্যাঙ্কারকে ড্রোন দিয়ে আঘাত করে ইরান। এতে ট্যাঙ্কারে আগুন ধরে যায়। বিশ্বের জ্বালানি পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথগুলোর একটি হরমুজ প্রণালি। এর মধ্য দিয়ে বিশ্বের তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ যায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে এ পথে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলারের রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান: ব্লুমবার্গ এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ৩০ কোটি ডলারের একটি রাডার ব্যবস্থা ইরান ধ্বংস করেছে, যা ভবিষ্যতে হামলা প্রতিহত করার আঞ্চলিক সক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। সিএনএনের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, যুদ্ধের শুরুর দিকেই জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত আরটিএক্স করপোরেশনের এএন-টিপিওয়াই-২ রাডার ও ব্যাটারিসহ সহায়ক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। পরে এক মার্কিন কর্মকর্তা এ সরঞ্জাম ধ্বংসের খবর নিশ্চিত করেন। ব্লুমবার্গ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশ্বজুড়ে মোট আটটি থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যার মধ্যে দক্ষিণ কোরিয়া ও গুয়ামও অন্তর্ভুক্ত। কেন্দ্র ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মতে, প্রতিটি ব্যাটারির মূল্য প্রায় এক বিলিয়ন ডলার, যার মধ্যে প্রায় ৩০ কোটি ডলার রাডারের জন্য ব্যয় হয়। ইরানি রেড ক্রিসেন্টের সঙ্গে যুক্ত ৬৫টি স্কুলে হামলা হয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ বলেছেন, রেড ক্রিসেন্টের সঙ্গে যুক্ত ৬৫টি স্কুল এবং ১৩টি কেন্দ্র এখন পর্যন্ত ইসরায়েল ও মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বিবিসি নিউজ ফার্সিকে তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলে ছয় হাজার ৬৬৮টি বেসামরিক ইউনিটকেও এসব হামলায় টার্গেট করা হয়েছে, যার মধ্যে রয়েছে পাঁচ হাজার ৫৩৫টি আবাসিক ইউনিট এবং ১০ হাজার ৪১টি বাণিজ্যিক ইউনিট। কোলিভান্দ বলেন, এসব হামলায় বেশ কিছু উদ্ধারযানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানে হামলা বন্ধের দাবিতে লন্ডনে বিক্ষোভ ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি আক্রমণ বন্ধের আহ্বান জানিয়ে মধ্য লন্ডনে বিক্ষোভ হয়েছে। ওয়েস্টমিনস্টারের পাশে ভিক্টোরিয়া টাওয়ার গার্ডেনের রাস্তায় দাতব্য সংস্থা ও অ্যাকশন গ্রুপগুলো বেশ কয়েকটি তাঁবু স্থাপন করে। বিবিসি জানায়, বিক্ষোভকারীরা লিফলেট নিয়ে অংশ নেন। সর্বোচ্চ নেতা নির্বাচনে বসছে ইরানের বিশেষজ্ঞ পরিষদ গত সপ্তাহে আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য শিগগির বৈঠকে বসছে। পরিষদ সদস্য হোসেইন মোজাফারি বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ অধিবেশন অনুষ্ঠিত হবে। ফার্স সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। মোজাফারি ইরানিদের এই সময়ের মধ্যে জল্পনা বা গুজবে কান দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে বার্তা সংস্থা তাসনিম ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ হোসেন নুরি হামেদানি ও আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজিকে উদ্ধৃত করে জানায়, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্থলাভিষিক্তের ঘোষণা দ্রুত করা উচিত। পুতিন ও পেজেশকিয়ান ফোনালাপ ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। রুশ প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, গত শুক্রবারের ফোনালাপে পুতিন ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি অভিযানে সর্বোচ্চ নেতা খামেনি ও অসংখ্য বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য ‘আন্তরিক সমবেদনা’ প্রকাশ করেছেন। কার্যালয়ের বরাত দিয়ে এনএইচকে ওয়ার্ল্ড জানিয়েছে, পুতিন ‘তাৎক্ষণিকশত্রুতা বন্ধ ও কূটনৈতিক সমাধানের পক্ষে রাশিয়ার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।’ লেবাননে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের পাশাপাশি লেবাননে গত শুক্রবার রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। তারা বলছে, লেবাননে হিজবুল্লাহর সক্ষমতা ‘ক্রমেই হ্রাস’ পাচ্ছে। এক টেলিগ্রাম পোস্টে ইসরায়েলের সামরিক বাহিনী বা আইডিএফ লিখেছে, তারা দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকায় ‘রকেট লঞ্চার, অস্ত্র সংরক্ষণাগার ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা’ চালিয়েছে। হিজবুল্লাহর অভিজাত কমান্ডো ইউনিট রাদওয়ান ফোর্সের কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে আইডিএফ। হামলার লক্ষ্যবস্তু এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে আইডিএফের নির্দেশনার পরিপ্রেক্ষিতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বালবেক-হারমেল গভর্নরেটের শমেস্টার শহরে ইসরায়েল হামলা চালিয়ে ছয়জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে চার শিশু ও এক নারী রয়েছে। পূর্ব বেকা উপত্যকার নাবি চিত শহরে ইসরায়েলের বিমান ও স্থল হামলায় নিহতের সংখ্যা ৪১ জনে দাঁড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে আট দিনে ইসরায়েলের হামলায় ৩৩৯ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন ১ হাজার ২৩ জন। ইরানে হামলা আন্তর্জাতিক আইন মেনে হয়নি– ডাচ প্রধানমন্ত্রী পলিটিকো জানিয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন। গত শুক্রবার হেগে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে জেটেন বলেন, গত সপ্তাহে ইরানের ওপর হামলা এবং এ অঞ্চলের দেশগুলোর ওপর ইরানের অগ্রহণযোগ্য প্রতিশোধ– উভয়ই আন্তর্জাতিক আইনের কাঠামোর বাইরে। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে আন্তর্জাতিক আইন রক্ষা করতে হবে। লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলার নিন্দায় জাতিসংঘপ্রধান, ঘানা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও ঘানার নেতারা গত শুক্রবার দক্ষিণ লেবাননে জাতিসংঘের একটি অবস্থানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন। ওই হামলায় ঘানার তিন জাতিসংঘ শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন। ঘানা জানিয়েছে, তারা জাতিসংঘের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি, ‘দায়ীদের চিহ্নিত করে জবাবদিহি করতে হবে। কারণ, এ আক্রমণ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন, যুদ্ধাপরাধের সমতুল্য ও জাতিসংঘ শান্তিরক্ষী কর্মীদের প্রদত্ত সুরক্ষার অবমাননা।’